ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাসাবো এলাকায় সোমবার আগুন লেগে একটি আধাপাকা টিনশেড বসতঘরের ১৪টি কক্ষ পুড়ে গেছে।
দমকল বাহিনী জানিয়েছে, সকাল পৌনে ৯টার দিকে বাসাবোর ৩১/২ কালিবাড়ি কুসুমবাগের ওই দোতলা আধাপাকা টিনশেডে আগুন লাগে। খবর পেয়ে খিলগাঁও দমকল স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
খিলগাঁও দমকল স্টেশনের কর্মকর্তা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে ওই টিনশেড ঘরের একটি কক্ষে টেলিভিশন চালু ছিলো। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই কক্ষ থেকেই আগুনের সূত্রপাত।"
তিনি জানান, আগুনে ১৪টি কক্ষের সব মালামাল পুড়ে গেছে, যার আনুমানিক মূল্য আট লাখ টাকা। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/১৬৪২ ঘ.
bdnews24