ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন সফররত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সোমবার সেদেশের ভাইস প্রেসিডেন্ট জি জিংপিনসহ কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সফরসঙ্গী দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
তিনি জানান, বেইজিংয়ের গ্রেট হলে বিকাল ৪টায় চীনের ভাইস প্রেসিডেন্ট জি জিংপিনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় মিলিত হবেন খালেদা জিয়া। এর আগে দুপুরে তার সম্মানে চীনা কমিউনিস্ট পার্টি আয়োজিত মধাহ্ন ভোজে অংশ নেবেন তিনি।
শমসের মবিন বলেন, "খালেদা জিয়ার সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির বৈঠকে দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং বিএনপি ও কমিউনিস্ট পার্টির মধ্যকার সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হবে। চীন আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। সেজন্য চীনের সঙ্গে বিএনপি সম্পর্ক ভিন্নমাত্রার।"
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে শনিবার বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী খালেদা। ব্যাংককে যাত্রাবিরতি শেষে রোববার বিকালে বেইজিং পৌঁছান তিনি।
শমসের মবিন জানান, চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে সোমবার ও মঙ্গলবার দুইদিনই খালেদা জিয়ার বৈঠক রয়েছে। বিরোধী দলীয় নেতা ২৩ ডিসেম্বর বেইজিং থেকে ব্যাংকক হয়ে দেশে ফিরবেন।
খালেদার সফরসঙ্গীদের মধ্যে আরো আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, প্রেসসচিব মারুফ কামাল খান, একান্ত সচিব সালেহ আহমদ, সহকারী একান্ত সচিব শামসুর রহমান শিমুল বিশ্বাস, আলোকচিত্রী নূরউদ্দিন।
রোববার বিকালে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়াকে চীনা কমিউিনিস্ট পার্টির আর্ন্তজাতিক বিভাগের মহাপরিচালক ইয়ান শিডংসহ দলে জ্যেষ্ঠ নেতারা অভ্যর্থনা জানান।
খালেদা জিয়া সর্বশেষ ২০০৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে চীন সফর করেন। বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি ১৯৯৮ সালেও চীনে গিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১১০১ ঘ.
bdnews24