২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিসিবির নতুন চেয়ারম্যান নিয়োগ

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার জাহান তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার জাহান তালুকদার। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার তাকে ওই পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ১৪ ডিসেম্বর টিসিবি'র চেয়ারম্যান খলিলুর রহমানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়। এছাড়াও সংস্থাপন মন্ত্রণালয় রোববার পৃথক পৃথক আদেশে নতুন পদোন্নতি পাওয়া উপসচিবদের মধ্যে চারজনকে পদায়ন এবং ছয়জনকে পদোন্নতির আগের পদে বহাল করেছে। এ কর্মকর্তারা পদোন্নতির পর সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছিলেন। নতুন পদোন্নতি পাওয়া উপসচিবদের মধ্যে মিজানুর রহমান ও আবদুস সবুর চৌধুরীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে পদায়ন এবং শাহরিয়ার কাদের সিদ্দিকী ও হাফিজুর রহমান মোল্লাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগে সংযুক্ত করা হয়েছে। পদোন্নতির আগের পদে বহাল হওয়া উপসচিবরা হলেন প্রধানমন্ত্রীর প্রশাসন ও সংস্থাপন বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব কাজী এনামুল হাসান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব মেজবাহ উদ্দিন, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব সাইফুল হাসান বাদল, সংসদের হুইপের একান্ত সচিব নবীরুল ইসলাম এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর একান্ত সচিব সামছুল আবেদীন। উপসচিব পদে পদোন্নতি পাওয়া চট্টগ্রাম কাস্টমস'র সুপারিনটেনডেন্ট এএসএম মনজুর হাসান, ঢাকা উত্তর শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেটের সুপারিনটেনডেন্ট নূরুজ্জামান তালুকদার এবং ঢাকা শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এসডি ইন্সপেক্টর মোফাজ্জেল হোসেনকে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রত্যাবর্তনের জন্য তাদের চাকরি অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডি) প্রত্যর্পণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৯২৬ ঘ.