২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-সিলেটে মনোনয়ন জমার শেষ দিন রোববার

চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৬১ পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 04:02 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৬১ পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার। এ দুই বিভাগের উপ-নির্বাচন কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এ দুই বিভাগের পৌরসভাগুলোতে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের বিকাল ৫টার মধ্যে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম বিভাগের ৫০ পৌরসভা ও সিলেট বিভাগের ১৬ পৌরসভায় নির্বাচন হওয়ার কথা। চট্টগ্রাম বিভাগীয় উপ নির্বাচন কমিশনার এজহারুল হক জানান, আদালতের স্থগিতাদেশে কক্সবাজার সদর, টেকনাফ, চকিরয়া, মহেশখালী ও চাঁদপুর পৌরসভায় নির্বাচন হচ্ছে না। সিলেট বিভাগের কোনো পৌরসভার নির্বাচন শনিবার পর্যন্ত স্থগিত হয়নি বলে জানিয়েছেন ওই বিভাগের ভারপ্রাপ্ত উপ নির্বাচন কমিশনার শামসুল আলম। ঘোষিত তফসিল অনুযায়ী, এসব পৌরসভার প্রার্থীদের মনোনায়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ জানুয়ারি। ভোট হবে আগামী ১৮ জানুয়ারি। শামসুল আলম জানান, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় কোনো ধরনের মিছিল, শোডাউন করা যাবে না। প্রার্থীরা পাঁচজনের বেশি সমর্থক সঙ্গে নিতে পারবেন না। তিনি বলেন, "নির্বাচন বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের আগেই প্রার্থীকে কোনো তফসিলি ব্যাংকে একাউন্ট খুলতে হবে এবং তাতে নির্ধারিত জামানত জমা দিতে হবে। মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা আকারে সাতটি তথ্য দিতে হবে। প্রতীক বরাদ্দের আগে কোনো প্রচারণা চালানো যাবে না।" যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের বিরুদ্ধে আপিল করা যাবে বলে জানান তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী কর্মকর্তারা পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সিলেট বিভাগের যে ১৬ পৌরসভায় মনোনয়ন দাখিলের সময় শেষ হচ্ছে- সুনামগঞ্জ, ছাতক, দিরাই, জগন্নাথপুর, মৌলভীবাজার, বড়লেখা, কুলাউড়া, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট, জকিগঞ্জ, কানাইঘাট। চট্টগ্রাম বিভাগের পৌরসভাগুলো হচ্ছে- নোয়াখালী, সেনবাগ, বেগমগঞ্জ, চাটখিল, কবিরহাট, বসুরহাট, হাতিয়া, কুমিল্লার বরুড়া, চান্দিনা, দাউদকান্দি, হোমনা, লাকসাম, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, চাঁদপুরের শাহরাস্তি, মতলব, ছেংগারছর, হাজীগঞ্জ, কচুয়া, ফরিদগঞ্জ, বিবাড়িয়া, আখাউড়া, লক্ষ্মীপুর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, ফেনী, দাগনভূঁয়া, সোনাগাজী, পরশুরাম, চট্টগ্রামের বারৈয়ারহাট, মীরসরাই, রাউজান, রাঙ্গুনিয়া, সন্দ্বীপ, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, খাগড়াছড়ি, মাটিরাংগা, রামগড়, বান্দরবান, লামা ও রাঙ্গামাটি পৌরসভা। তফসিল অনুযায়ী, শনিবার ১৭ ডিসেম্বর ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায় ৪ হাজারের বেশি, গত ১৩ ডিসেম্বর রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ পৌরসভায় পাঁচ হাজারের বেশি, ১৫ ডিসেম্বর খুলনা ও বরিশাল বিভাগের ৫০ পৌরসভায় প্রায় দুই হাজার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। আগামী ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে চার দিনে দেশের অর্ধশত পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১০০০ ঘ.