ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে এক পরিবারের চারজনের ওপর এসিড নিক্ষেপকারী সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন হেফাজত মঞ্জুর হয়েছে।
কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের শফিপুর থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।"
শনিবার বিকালে সোহেলকে (২৪) ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সাজ্জাদ হোসেন জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন হেফাজত (রিমান্ড) চান।
এ আদালতের বিচারক ওয়াসিম শেখ শুনানি গ্রহন করে তার জামিনের আবেদন নাকচ করে পাঁচদিন হেফাজত মঞ্জুর করেন।
এর আগে ১১ ডিসেম্বর বিকালে এ মামলার অপর আসামি হারুনকে (৩৬) গ্রেপ্তার করা হয়। ১২ ডিসেম্বর তাকে তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন একই তদন্ত কর্মকর্তা।
প্রসঙ্গত, পারিবারিক বিরোধের জের ধরে ১০ ডিসেম্বর রাতে সোহেল কেরানীগঞ্জ মডেল থানা এলাকার উত্তর বাহেরচর এলাকার সুরুজ মিয়ার বাড়িতে তিন বোন আসমা বেগম (২২), সুরাইয়া বেগম (২৮), নাজমা বেগম (২৫) ও আসমার এগার মাস বয়সী মেয়ের ওপর এসিড নিক্ষেপ করে। এসিডদগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এ ঘটনার পরদিন আসমা, সুরাইয়া, নাজমার ভাই মো. বোরহান উদ্দিন এসিড অপরাধ দমন আইনে কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এজাহারে আসামি করা হয় সোহেল, আনোয়ার, হারুন ও সোহেলের বোন আসমাসহ কয়েকজনকে।
সোহেলকে হেফাজতে নেওয়ার আবেদনে উল্লেখ করা হয়, এসিডের উৎস, এসিড নিক্ষেপের কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার জন্য ও পলাতক সহযোগীদের গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ জরুরি।
নাজমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বছর তিনেক আগে পাশের গ্রাম সাভারের ভাকুর্তা ইউনিয়নের খলিলুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। খলিলুরের আগের এক স্ত্রী রয়েছে।
নাজমা বলেন, "খলিলুর রহমানের সঙ্গে বিয়ের পর থেকেই তার প্রথম স্ত্রীর ভাই সোহেল আমাকে ছেড়ে দেওয়ার জন্য খলিলুরকে হুমকি দিয়ে আসছিলো।"
তাদের ক্ষতি করার জন্য সোহেল আগেও সিঁদ কেটে ঘরে ঢুকেছিলো বলে অভিযোগ করে তিনি বলেন, "ঘটনার রাত দেড়টায় সে একইভাবে ঘরে ঢোকে।"
নাজমা বলেন, "মা হাজেরা বেগম অসুস্থ থাকায় ঘরের লাইট জ্বালানো ছিলো। মাকে বারবার বাথরুমে নেওয়ার কারণে ঘুমাতে পারছিলাম না। হঠাৎ শব্দ শুনে তাকিয়ে দেখি সোহেল ঘরের ভেতরে। তাকে দেখা মাত্রই সে হাতের গ্লাসে থাকা এসিড আমাকে লক্ষ করে ছুড়ে মারে।"
"সঙ্গে সঙ্গে আমি একটু সরে যাই। এসিড আমার শরীরের কিছু অংশে লেগে বাকিটা বিছানায় শুয়ে থাকা সুরাইয়া, আসমা ও তার মেয়ের শরীরে পড়ে। তখন আমাদের চিৎকারে পাশের ঘরে থেকে বোরহান ভাই বের হতে চান। কিন্তু তার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিলো।
"এক পর্যায়ে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে। এই ফাঁকে সোহেল পালিয়ে যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিবি/কেএমএস/২১১২ ঘ.
bdnews24