সাতক্ষীরা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের গহীনে জলদস্যুদের সাথে বনবিভাগের সদস্যদের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে।
শনিবার দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর তালতলী খালে এই ঘটনা ঘটে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন কর্মকর্তা (এসিএফ) তৌফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বনের অভ্যন্তরে জলদস্যুরা অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে বনবিভাগের আট সদস্যকে নিয়ে তালতলী খালে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে বেলা ২টার দিকে জলদস্যুরা দুটি ইঞ্জিনচালিত (ট্রলার) নৌকা থেকে বনবিভাগের সদস্যদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। বনবিভাগের সদস্যরাও পাল্টা গুলি চালায়।
তিনি আরও জানান, উভয় পক্ষে ৭০/৮০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের এক পর্যায়ে জলদস্যুরা পালিয়ে যায়।
কোন জলদস্যু আহত হয়েছে কিনা তা তিনি জানাতে পারেননি।
তিনি বলেন, খোঁজ-খবর নিয়ে জানা গেছে জলদস্যুরা মোতালেব বাহিনীর সদস্য।
এই অভিযানে নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দীন আহম্মেদ। এসময় সিএফ আকবর হোসেন ও এসিএফ তৌফিকুল ইসলাম এই অভিযানে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬১৪ ঘ.
bdnews24