চাঁদপুর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেবকের ভুলে চাঁদপুর সদর হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার হাসপাতালে মারা যান শহরের গাঙ্গুলিপাড়ার মোখলেসুর রহমান (৫২)। তার স্বজনদের অভিযোগ, সহকারী নার্স ভুল ইনজেকশন দেওয়ায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
অভিযুক্ত আবুল কাশেমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ।
মোখলেসুরের স্ত্রী নাজমা বেগম সাংবাদিকদের জানান, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যার কারণে বৃহস্পতিবার তার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন দেওয়ার পর তিনি সুস্থ হয়ে উঠলে শুক্রবার সকালে স্বামীকে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা।
"সকালে নাস্তার পর সহকারী নার্স আবুল কাশেম আমার স্বামীর শরীরে একটি স্যালাইন ও ইনজেকশন পুশ করে। এতে মুহূর্তের মধ্যে তার মৃত্যু হয়", বলেন নাজমা।
নূর মোহাম্মদ শনিবার সাংবাদিকদের বলেন, চিকিৎসকের অনুমতি না নিয়ে কেনো রোগীকে কাশেম স্যালাইন ও ইনজেকশন পুশ করতে গেলো, তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কর্তব্যে অবহেলার জন্য কাশেমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির প্রধানের দায়িত্বে রয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কামরুল ইসলাম।
নূর মোহাম্মদ বলেন, "রোববার কমিটি প্রতিবেদন দেবে। সহকারী নার্স দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৩ ঘ.
bdnews24