সাভার, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশুলিয়ার হা-মীম গ্র"পের কারখানায় একটি শব্দে আতঙ্ক দেখা দিলে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন ২০ শ্রমিক।
এদিকে নিখোঁজ সহকর্মীদের সন্ধানের দাবিতে বিক্ষোভের পর কারখানার অনেক শ্রমিক কাজে যোগ দিয়েছে।
তিন দিন বন্ধ থাকার পর শনিবার সকাল ৮টায় খুলে দেওয়া হয় 'দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার' নামে হা-মীম গ্র"পের নরসিংহপুরের ওই কারখানা।
কাজে যোগ দেওয়ার পরপরই অনেক সহকর্মীকে না দেখে শ্রমিকরা বেরিয়ে পড়ে। সকাল সাড়ে ৮টার দিকে তারা কারখানা সংলগ্ন টঙ্গি-ডিইপিজেড সড়ক অবরোধ করে। ওই সময় কয়েকটি গাড়িও ভাংচুর করে তারা। এতে চলাচল বন্ধ হয়ে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা রাস্তা ছাড়ে। এরপর অনেক শ্রমিক কাজে যোগ দেয়। মঙ্গলবারের অগ্নিকাণ্ডের পর নিখোঁজ শ্রমিকদের অনেকের স্বজন শনিবারও কারখানার ফটকে ছিলো।
এদিকে সকাল ৮টায় কারখানা খোলার পর দশম তলায় একটি বিকট শব্দ হলে আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে ২০ জন আহত হয়।
আহতদের মধ্যে ১৮ জনকে নরসিংহপুরের নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে এবং দুজনকে আশুলিয়ার খলিল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিকরা জানায়, ১০ তলার ছাদের পলেস্তরা খসে পড়ে বিকট শব্দ হয়। মঙ্গলবার কারখানার ১০ ও ১১ তলায় আগুন লেগেছিলো।
আহতের মধ্যে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে যারা ভর্তি রয়েছেন তারা হলেন- রিনা, রেহেনা, সাজেদা, সীমা, ইসমত আরা, রাশিদা, চম্পা, সুমি, রনি, জেসমিন, রওশন আরা, জারা হক, পারভীন, রুনা, সোহেল, শান্তা, মেরিনা ও নূপুর। খলিল জেনারেল হাসপাতালে ভর্তি দুজন হলেন জেসমিন ও রোখসানা।
হা-মীম গ্র"পের পরিচালক (উৎপাদন) সুনীল সরকার পলেস্তরা ধসে পড়ার তথ্যটি নাকচ করে সাংবাদিকদের বলেন, "আগুনের কারণে কারখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য ইঞ্জিনিয়ারদের পরামর্শ অনুযায়ী কিছু লোহার স্টিক দিয়ে ছাদ ধস রোধ করা হয়েছে। একটা লোহার স্টিক পড়ে গিয়েছিলো। তাতে ভয় পেয়ে হুড়োহুড়ি করে শ্রমিকরা নামতে গিয়ে আহত হয়।"
তিনি বলেন, অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছে। যারা কাজে যোগ দেয়নি, তারাও শিগগিরই যোগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিােযগ, তাদের নিখোঁজ সহকর্মীরা অগ্নিকাণ্ডে মারা গেছেন। তাদের মৃত্যুর তথ্য গোপন করা হয়েছে।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি একে আজাদের মালিকানাধীন বহুতল ওই কারখানায় মঙ্গলবার আগুন লাগে।
অগ্নিকাণ্ডে ৩১ জন নিহত হওয়ার তথ্য হাসপাতাল সূত্রে পাওয়া গেলেও হা-মীম কর্তৃপক্ষের দাবি, নিহতের সংখ্যা ২৩।
১১ তলাবিশিষ্ট ওই কারখানার শ্রমিকের সংখ্যা ৬ হাজার বলে কারখানা কর্তৃপক্ষ জানায়। তাদের হিসেবে আহতের সংখ্যা প্রায় ৪০।
অগ্নিকাণ্ড তদন্তে সরকারি পর্যায়ে একটি এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আলাদা একটি তদন্ত কমিটি করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইকবাল খান চৌধুরী নেতৃত্বাধীন সরকারি তদন্ত কমিটির শনিবারই কাজ শুরু করার কথা রয়েছে।
অগ্নিকাণ্ডে নিহত প্রতি পরিবারকে দেড় লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন হা-মীম গ্র"পের কর্ণধার আজাদ। বিজিএমইএ ১ লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪০০ ঘ.
bdnews24