২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোশরেফা মিশু ফের রিমান্ডে

পোশাক শ্রমিক নেতা মোশরেফা মিশুকে আবারো একদিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত মঞ্জুর করেছে আদালত। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 11:55 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোশাক শ্রমিক নেতা মোশরেফা মিশুকে আবারো একদিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত মঞ্জুর করেছে আদালত। কাফরুল থানার মামলায় এর আগে তাকে দুদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই মামলায় আরো পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়ে পুলিশ তাকে শুক্রবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে। হাকিম আব্দুল মজিদ আবেদন শুনে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। মোশরেফার আইনজীবী জহিরুল ইসলাম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান। রাজধানীর কুড়িলে ভাংচুরের মামলায় সোমবার রাতে গ্রেপ্তার করা হয় বামপন্থী দল গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফাকে। মঙ্গলবার কাফরুল থানার মামলায় মঙ্গলবার তাকে দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। জিজ্ঞাসাবাদ শেষে তাকে শুক্রবার আদালতে নেওয়া হয়। মোশরেফার আইনজীবী জহিরুল ইসলাম মোল্লা জানান, এই মামলায় আবার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদনে পুলিশ বলেছে- ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানে গাড়িতে বসে মোশরেফাকে কথা বলতে দেখা গেছে। তাদের মধ্যে কি কথা হয়েছিলো সেটা জানার জন্য তাকে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। আবেদনে আরো বলা হয়, দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদে মোশফোর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাই করা হচ্ছে। জামায়াত নেতা রফিকুল ইসলামকে এর আগে অন্য একটি মামলায় গ্রেপ্তার করা হয়। মোশরেফার বিরুদ্ধে কাফরুল থানায় গত ৩০ জুন মামলাটি দায়ের করা হয়। মামলাটি তদন্ত করছেন উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক। এ মামলায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা ও কমিউনিস্ট পার্টির নেতা মন্টু ঘোষও আসামি। বেতন বৈষম্য নিয়ে অসন্তোষের জের ধরে গত রোববার কুড়িলে তিনটি কারখানার বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ করে। জোয়ার সাহারা এলাকায় কিমিয়া কমপ্লেক্সের ওই তিন কারখানা হলো কিমিয়া গার্মেন্টস, সানসীড ও ইডেন। মোশরেফার আইনজীবী জানান, কাফরুল থানার মামলায় তার (মোশরেফা) জামিনের জন্য আবেদন করা হয়। তবে হাকিম আব্দুল মজিদ আবেদন শুনার পর তা নাকচ করে দেন। এছাড়া খিলক্ষেত থানার মামলায় মোশরেফাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজত চেয়ে করা আবেদন শুনতে আদালত রোববার দিন ধার্য করেছে। একই আদালত জাগো বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহরাইন সুলতান বাহারকে দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। কাফরু থানার মামলায় বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাহরাইনকে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিলো পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএসবি/১৮১৬ ঘ.