২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে ৫ মুক্তিযোদ্ধাকে প্রহার

নোয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে বলায় ৫ মুক্তিযোদ্ধাকে পিটিয়েছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 03:11 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

নোয়াখালী, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে বলায় ৫ মুক্তিযোদ্ধাকে পিটিয়েছে সন্ত্রাসীরা। কেবল প্রহারই নয়, সন্ত্রাসীরা তাদেরকে আটক করে রাখে। প্রায় তিন ঘন্টা পর খবর পেয়ে পুলিশ ওই মুক্তিযোদ্ধাদের উদ্ধার করে। পরে তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে সুধারাম থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধারা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদের সম্মানে জেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে সকাল ৯টার দিকে স্থানীয় উদয় সাদুর হাটে একত্রিত হন। জেলা সদরে রওনা হওয়ার আগে কয়েকজন মুক্তিযোদ্ধা বাজারের দোকানে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি দেখতে বের হন। এ সময় চরমটুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন চৌধুরীর চা দোকানে পতাকা না দেখে সদর উপজেলা সহকারি মুক্তিযোদ্ধা কমান্ডার মাকছুদুর রহমান (৬৫) দোকানের মালিক চৌধুরীর কাছে বিষয়টি জানতে চান। চৌধুরী এতে ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধা মাকছুদুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তাকে পিটিয়ে দোকানের ভেতর নিয়ে আটক করে রাখে। খবর পেয়ে অন্য মুক্তিযোদ্ধারা ঘটনাস্থলে ছুটে যান। এসময় চৌধুরী তার সহযোগী আবুল হাসেম, বাদশা, দেলোয়ার, সানু ও মিনুকে নিয়ে মুক্তিযোদ্ধা মমিন উল্লা (৬৫), নজির আহমদ (৬০), গোলাম মো. ফারুক (৬৫) ও সফি উদ্দিনকে (৬৫) বেদম প্রহার করে এবং দোকানে আটক করে রাখে। মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন সুধারাম থানা পুলিশকে বিষয়টি জানালে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এই মুক্তিযোদ্ধাদের উদ্ধার করে। পরে তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে সন্ধ্যায় মুক্তিযোদ্ধা মাকছুদুর রহমান বাদী হয়ে সুধারাম থানায় মামলা দায়ের করেন। সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর জাহিদুল হক রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুক্তিযোদ্ধা মাকছুদুর রহমানের মামলাটি দ্রুত বিচার আইনে রেকর্ড করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫৮ ঘ.