বাগেরহাট, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে।
বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার এবং তিন জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নারী পাচারকারী দলের সদস্য।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোরেলগঞ্জের কাঁঠালতলা গ্রামের দুলাল শেখ (৩৫), ফাঁসিয়াতলা গ্রামের আব্দুল খালেক (৪৫) এবং উমাজুড়ি গ্রামের নাছিমা আক্তার (৩৫)।
গত ১৩ ডিসেম্বর ভোরে প্রাইভেট পড়তে চাওয়ার পথে অপহৃত হয় ওই স্কুলছাত্রী।
মোরেলগঞ্জ থানার ওসি মো. আব্দুল খালেক বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বলেন, স্কুলছাত্রীর বাবার মাধ্যমে পাওয় একটি মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে বুধবার সন্ধ্যায় নিশানবাড়িয়া ইউনিয়নের বাদশার হাট বাজারের একটি ফোনের দোকান থেকে নাছিমার ভগ্নিপতি খালেককে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যে অন্যরা গ্রেপ্তার হয়।
খালেকের দেওয়া তথ্যে খাউলিয়া ইউনিয়নের ফাসিয়াতলা গ্রামে খালেকের বাড়ি থেকে অচেতন অবস্থায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় বলে ওসি জানান।
তিনি বলেন, নাছিমা ভারতে থাকেন। তরুণীদের ফুসলিয়ে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে আসছিলেন তিনি।
তিন জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০০ ঘ.
bdnews24