২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলে ফুলে ভরে উঠেছে হাজারো শহীদের স্মৃতির মিনার

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করছে জাতি। স্মরণ করছে স্বাধীনতা যুদ্ধে প্রাণ উৎসর্গকারী বীর শহীদদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 10:21 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করছে জাতি। স্মরণ করছে স্বাধীনতা যুদ্ধে প্রাণ উৎসর্গকারী বীর শহীদদের। কুয়াশার চাদরে মোড়া শীতের সকালের প্রথম প্রহরেই রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের স্মৃতির প্রতি। মন্ত্রিপরিষদ সদস্যরা, তিন বাহিনীর প্রধানরা, কূটনীতিক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা স্মৃতিসৌধ এলাকা ছেড়ে যাওয়ার পর স্মৃতিসৌধে নামে লাখো মানুষের ঢল। ফুলে ফুলে ভরে ওঠে হাজারো শহীদের স্মৃতির মিনার। নানান রঙের ফুল আর লাল-সবুজ পতাকা হাতে নিয়ে আবাল-বৃদ্ধ-বনিতা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে শহীদদের। এরই মধ্যে জাসদ, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, বাসদ, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, গণফোরাম, জাতীয় পার্টি, যুবলীগ, যুবদল, যুব ইউনিয়ন, ছাত্রলীগ, ছাত্রদল, জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, কৃষক লীগ, কৃষক দল, কৃষক সমিতি, ক্ষেত মজুর সমিতি, ঘাতক-দালাল নির্মূল কমিটি, বঙ্গবন্ধু সংসদ, জাসাস, মহিলা পরিষদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন ফুল দেয় স্মৃতিসৌধে। শ্রদ্ধা জানানোর সময় বেশিরভাগ সংগঠন ও হাজারো মানুষ যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবি জানায়। সকাল ৮টার দিকে শেখ হাসিনা রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং যেখানে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন সেই সিঁড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে শুরু হয় সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ। মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিএনসিসি, বাংলাদেশ রাইফেলস, পুলিশ, র‌্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, কারারক্ষী ও ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। সাভার স্মৃতিসৌধের মত মানুষের ঢল নামে রাজধানী ঢাকাতেও। পুরো ঢাকা যেন হয়ে ওঠে এক উৎসবের নগরী। ঢাকা বিশ্ববিদ্যালয়, সংসদ ভবন এলাকা ও ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে ছিল মানুষের ঢল। এ জন্য রাজধানীর কোথাও কোথাও দেখা দেয় তীব্র যানজট। উৎসবস্থল বা শোভাযাত্রায় যোগ দেওয়া শিশু-কিশোর, তরুণ-তরুণীরা জাতীয় পতাকার রঙের জামা কাপড় পরে বা পতাকা মাথায় বেঁধে সাজিয়ে তুলেছিলেন নিজেদের। অনেকেরই পরনে ছিল দিনটি উপলক্ষে বাজারে আসা হরেক স্লোগান আর ছবিযুক্ত টিশার্ট, ফতুয়া ইত্যাদি পোশাক। ট্রাকে-বাসে, ভ্রাম্যমান মঞ্চে এবং বিভিন্ন এলাকায় মাইকে বাজানো হয় দেশাত্মবোধক গান ও স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ। ছুটির দিনেও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল নানা আয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/১৬০৬ ঘ.