রংপুর, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌষের শুরুতে রংপুরে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. দীপক লাল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুর ও এর আশপাশের কয়েকটি জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় কোল্ড ডায়রিয়া, ভাইরাস জ্বর, হাঁপানিসহ বিভিন্ন শীতজনিত রোগ বালাই বেড়েছে।
হাসপাতালে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। পর্যাপ্ত বেড না থাকায় হাসপাতালের মেঝেতেও রোগীদের চিকিৎসা চলছে বলে তিনি জানান।
গত দু'দিনে শীতজনিত বিভিন্ন রোগে মৃতরা হলেন- সদর উপজেলার কাশিপুর গ্রামের আলিফ (দেড়মাস), তারাগঞ্জের কাছনা গ্রামের রনেশ চন্দ্র রায় (৫৫), মিঠাপুকুরের পদাগঞ্জ গ্রামের হরিমুদ্দিন (৬০), গাইবান্ধার লক্ষ্মীপুরের বাবু (১মাস), জেলার জামালপুরের তাজুল (৮০), দিনাজপুরের চিরিরবন্দরের রবীন্দ্র চন্দ্র (৫৯), ছমিরন নেছা (৭০), নীলফামারীর কিশোরগঞ্জের আব্দুল করিম (৬৫), ডোমারের মজিদ (৬৮) ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর আছিয়া বেগম (৬৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০৪৪ ঘ.
bdnews24