ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিভাগের ৩২টি এবং বরিশাল বিভাগের ১৯টি পৌরসভায় নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বুধবার।
এ দুই বিভাগের পৌরসভাগুলোয় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে আগ্রহী প্রার্থীদের বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ( পৌর ও পল্লী) আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
ঘোষিত তফসিল অনুযায়ী, এসব পৌরসভায় মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ ও ১৯ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। ভোট হবে আগামী ১৩ জানুয়ারি।
ইসি কর্মকর্তারা জানান, ঘোষিত তফসিল অনুযায়ী এ দুই বিভঅগের ৫৫ পৌরসভার নির্বাচন হওয়ার কথা থাকলেও আইনগত জটিলতার কারণে বাদ পড়েছে বরিশালের চরফ্যাশন, ঝালকাঠী, কুষ্টিয়া, নড়াইলের লোহাগড়া পৌরসভা।
নির্বাচন কর্মকর্তা বাতেন জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো মিছিল করা যাবে না। প্রার্থী নিজে বা তার নির্বাচনী এজেন্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এক্ষেত্রে ৫ জনের বেশি সমর্থক সঙ্গে নেওয়া যাবে না।
নির্বাচনী বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের আগেই প্রার্থীকে কোনো তফসিলি ব্যাংকে একাউন্ট খুলতে হবে এবং তাতে নির্ধারিত জামানত জমা দিতে হবে। মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা আকারে সাতটি তথ্য দিতে হবে। প্রতীক বরাদ্দের আগে কোনো প্রচার চালানো যাবে না।
যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের বিরুদ্ধে আপিল করা যাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী কর্মকর্তারা পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
বুধবার যে সব পৌরসভার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সেগুলো হলো-
বরিশাল বিভাগ: ভোলা, লালমোহন, দৌলতখান, বোরহানউদ্দিন, পটুয়াখালী, কলাপাড়া, নলছিটি, পিরোজপুর, স্বরূপকাঠী, মঠবাড়ীয়া, মুলাদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী, মেহেন্দীগঞ্জ, বরগুনা, পাথরঘাটা, বেতাগী ও আমতলী পৌরসভা।
খুলনা বিভাগ: মেহেরপুর, গাংনী, আলমডাঙ্গা, জীবননগর, দর্শনা, কুমারখালী, ভেড়ামারা, মিরপুর, খোকসা, যশোর, বাঘারপাড়া, নওয়াপাড়া, বেনাপোল, চৌগাছা, মনিরামপুর, কেশবপুর, ঝিনাইদহ, শৈলকূপা, হরিণাকুণ্ডু, কোটচাঁদপুর, কালীগঞ্জ, মহেশপুর, সাতক্ষীরা, কলারোয়া, পাইকগাছা, চালনা, বাগেরহাট, মংলা, মোড়েলগঞ্জ, মাগুরা, নড়াইল ও কালিয়া।
বিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/০৮৪৫ ঘ.
bdnews24