বরগুনা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরগুনা জেলা শহরের সদর রোডে আবাসিক হোটেল কক্ষে আল মামুন গনি হত্যার রহস্য উদঘটনে তার স্ত্রী নাসরিন আক্তারকে মঙ্গলবার ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আকবর হোসেন জানান, ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
প্রসঙ্গত, পাথরঘাটা উপজেলার হাড়িটানা গ্রামের আলী আকবর হাওলাদারের ছেলে আল মামুন গনির (৩৮) লাশ সোমবার সকালে হোটেল কক্ষ থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নাসরিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আল মামুন গনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তিন মাস আগে তারা নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। রোববার দুপুরে তারা দুজন প্রিন্স টাওয়ার হোটেলে উঠেন। সকালে তার স্বামীর লাশ উদ্ধার করা হয়।
নাসরিন স্বামীর সাথে একই কক্ষে অবস্থান করলেও তার স্বামীকে হত্যার অভিযোগ অস্বীকার করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার উপ পরিদর্শক (এসআই) আকবর হোসেন জানান, মামুনকে গলায় ফাঁস লাগানোর রশি ও পড়নের কাপড় হোটেলের পাশের তাল গাছ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের হোটেল কক্ষে ৬টি মোবাইল ফোন সেট ও ৬৬ হাজার ৮৯২ টাকা পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৫৩ ঘ.
bdnews24