চট্টগ্রাম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজটি উদ্ধারে 'প্রয়োজনীয়' ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
তিনি বলেছেন, "জাহাজ ও ক্রুদের উদ্ধারে যেখানে যেখানে কথা বলা দরকার সেখানেই কথা বলা হয়েছে।"
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টারস অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গত ৫ ডিসেম্বর বিকাল পৌনে ৪টার দিকে এমভি জাহান মনি ভারতের কোচিন বন্দর থেকে ৩০০ নটিক্যাল মাইল দূরে আরব সাগরে জলদস্যুদের কবলে পড়ে। জাহাজে ক্যাপ্টেন, প্রধান প্রকৌশলীসহ ২৫ জন নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রী রয়েছেন।
গত রোববার থেকে জাহাজটি সোমালিয়ার উপকূল থেকে চার নটিক্যাল মাইল দূরে 'গারাড' নামে ছোট একটি মৎস্য গ্রামের কাছে নোঙর করে আছে বলে জাহাজের মালিক প্রতিষ্ঠান জানিয়েছে।
জাহাজটি উদ্ধার ও মুক্তিপণ দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, "ছিনতাইকারী জলদস্যুদের সঙ্গে সরকারের নয়, জাহাজের মালিকপক্ষের কথা হয়েছে। মুক্তিপণ চাইলে তাদের কাছে চাইবে।"
এদিকে জলদস্যুদের সঙ্গে রোববারের পর আর কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন ছিনতাই হওয়া জাহাজের মালিক প্রতিষ্ঠান ব্রেভ রয়েল শিপিং ম্যানেজম্যান্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মেহেরুল করিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জলদস্যুদের সঙ্গে রোববার দুপুর ও রাতে দুইদফা কথা হয়েছিল। এরপর তাদের সঙ্গে আর কথা হয়নি।"
এ পর্যন্ত জলদসু্যুরা তাদের কাছে কোনো মুক্তিপণ দাবি করেনি বলেও জানান করিম।
তিনি বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে জাহাজে অবস্থানরত ক্রুদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে মুক্তিপণ দাবির সংবাদ আমরা দেখেছি। তবে ক্রুদের পরিবারের পক্ষ থেকে আমাদের এখনো কিছু বলা হয়নি।
এর আগে রোববার রাতে এক সংবাদ সম্মেলনে জাহাজের মালিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান জানান, সোমবার দুপুর আড়াইটা ও রাত ৭টায় জলদস্যুরা রোমিং ফোনের মাধ্যমে জাহাজ থেকে মালিকপক্ষের লোকজনের সঙ্গে কথা বলেছে।
ছিনতাই হওয়া জাহাজের ২৫ জন নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রী ভালো আছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেবি/এমআই/১৮২৫ ঘ.
bdnews24