গাজীপুর, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মজুরি কাঠামোতে বৈষম্যের অভিযোগে গাজীপুরে দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে কর্মবিরতি শুরু করেছে।
আন্দোলনের মুখে একটি কারখানা চারদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুরান ও নতুন শ্রমিকদের বেতন বৈষম্যের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার নলজানী এলাকার এপকট অ্যাপারেলস কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করে।
দুপুরে মালিক পক্ষ এ নিয়ে সমঝোতার লক্ষ্যে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন।
একই অভিযোগে উপজেলার হোতাপাড়ায় গিভেন্সী গ্র"পের হোতাপাড়া গার্মেন্টস কারখানার শ্রমিকরা সোমবার কারখানায় ভাংচুর করে কর্মবিরতি শুরু করে।
আন্দোলনের মুখে কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে কারখানাটি চারদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামোতে পুরান ও নতুন শ্রমিকদের বেতন বৈষম্যের প্রতিবাদে শ্রমিকরা আন্দোলন শুরু করে।"
কারখানার ব্যবস্থাপক একেএম সফিউল আলম রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কারখানা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।"
মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানার গেটে তালা দেখে আবারো বিক্ষোভ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৬২০ ঘ.
bdnews24