ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন সময় চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনের পুনর্ব্যবহার বন্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ ফোন ইউজার ডেভেলপমেন্ট মোসাইটির চেয়ারম্যান ওমর ফারুক নকিবের একটি রিট আবেদনে এ আদেশ দেয়।
আদেশে চুরি হওয়া, হারানো, ছিনতাই হওয়া এবং অবৈধ ও অননুমোদিত মোবাইল ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুপমেন্ট আইডিন্টেফিকেশন নম্বর (আইএমইআই) বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না- সরকারকে তার কারণ জানাতে বলা হয়েছে।
সরকারে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, টেলিযোগাযাগ সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ও স্বরাষ্ট মন্ত্রণালয়ের জাতীয় তদারকি কমিটির চেয়ারম্যান এর জবাব দিতে চার সপ্তাহ সময় পেয়েছেন।
রোববার রিট আবেদনটি দায়ের করা হয়।
রিট আবেদনের শুনানিতে ব্যারিস্টার মোহাম্মদ আলী বলেন, "দেশে চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনের সিম কার্ড বন্ধ করার ব্যবস্থা রয়েছে। কিন্তু মোবাইল সেট বন্ধের কোনো ব্যবস্থা নেই।"
তিনি বলেন, "ভারত, পাকিস্তান, শ্রীলংকা, হল্যান্ড, ইল্যান্ডসহ বিভিন্ন দেশে চুরি হয়ে যাওয়া মোবাইল সেট বন্ধে নীতিমালা রয়েছে। কিন্তু বাংলাদেশে এরকম নীতিমালা নেই। "
সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫১৫ ঘ.
bdnews24