ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ঊষালগ্নে পাকিস্তানি বাহিনীর দোসরদের সহায়তায় যাদের হত্যা করা হয়েছিলো, সে সব বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে দেশবাসী।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে এ দেশীয় দোসরদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে হত্যা করে।
বলা হয়, পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী এ কাজটি করে, যার উদ্দেশ্য ছিলো স্বাধীনতার পর যেন বাংলাদেশের পুনর্গঠন বাধাগ্রস্ত হয়।
মঙ্গলবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ ভরে উঠে ফুলে ফুলে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দেয় শহীদ বেদিতে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান এ সময় উপস্থিত ছিলেন।
শহীদ বেদিতে ফুল দেওয়ার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের স্পিকার, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ শহীদ বেদিতে ফুল দেয়।
সকাল সাড়ে ৮টায় দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফুল দেয়।
সকাল পৌনে ৯টায় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুল দেওয়া হয়। সকাল ৯টার দিকে ফুল দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
১৯৭১ এ বিজয়ের আগে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদারদের সহায়তায় ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে বুদ্ধিজীবীদের ধরে নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করে। পরে তাদের লাশ রায়েরবাজার ইটের ভাটার কাছে ফেলে রাখে। সে থেকে ওই এলাকাটি 'রায়েরবাজার বধ্যভূমি' হিসেবে পরিচিত হয়ে ওঠে।
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "জাতির দুর্ভাগ্য, বিজয়ের প্রাক্কালে হানাদার বাহিনী পরিকল্পিতভাবে এদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে। জাতিকে মেধাহীন করাই ছিল তাদের হীন উদ্দেশ্য। এ বর্বরোচিত হত্যাকাণ্ডে জাতির অপূরণীয় ক্ষতি হয়। স্বাধীন জাতি হিসেবে আমরা শহীদ বুদ্ধিজীবীদের নিকট কৃতজ্ঞ।"
প্রধানমন্ত্রীর বাণীতে বলেন, "শহীদ বুদ্ধিজীবীরা তাদের কর্ম, আদর্শ ও দেশপ্রেমের মাধ্যমে জাতির জীবনে চিরদিন অম্লান হয়ে বেঁচে থাকবেন। তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।"
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তার বাণীতে বলেন, "বুদ্ধিজীবীরা বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা অপশক্তি তাদের সেই প্রত্যাশা পূরণ হতে দেয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৬২৫ ঘ.
bdnews24