ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তারা পক্ষপাত ও দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
সোমবার রাজধানীর এনইসি মিলনায়তনে নির্বাচন কমিশনের ঢাকা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাখাওয়াত সাংবাদিকদের এ কথা জানান।
আগামী ১৭ জানুয়ারি ঢাকা বিভঅগের ৬৮ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশের বিভিন্নস্থানে আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে জানিয়ে সাখাওয়াত বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের বলা হয়েছে।
নির্বাচনী আচরণবিধি অনুসরণে স্থানীয় জনপ্রতিনিধি, সাংসদ, মন্ত্রী ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং ক্ষমতাসীন ও বিরোধী দলসহ সবার সহযোগিতা কামনা করেন এই নির্বাচন কমিশনার।
নির্বাচনকে প্রভামুক্ত রাখতে সাংসদদের পৌর নির্বাচনী এলাকায় না যাওয়ার পরামর্শও দেন তিনি।
উপজেলা চেয়ারম্যানসহ কোনো জনপ্রতিনিধি কারো প্রচারণায় সরকারি গাড়ি ব্যবহার করলে তা জব্দ করার নির্দেশ দেন তিনি।
মত বিনিময় সভায় নির্বাচন কমিশন সচিব, ঢাকা বিভাগীয় কমিশন, ঢাকা বিভাগের ডিআইজিসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৪১ ঘ.
bdnews24