চট্টগ্রাম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর বিবিরহাট এলাকায় বাস চাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছে।
নিহত জান্নাতুল ফেরদৌস রীমা (১৭) চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। তিনি সন্দ্বীপ এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। রীমা বিবিরহাট এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনার জের ধরে ওই বাসের যাত্রী ও পথচারীরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে।
পাঁচলাইশ থানার ওসি নবজ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে রীমা বিবিরহাট বাজারের সামনে বাস থেকে নামার সময় হোঁচট খেয়ে পড়ে যায়। এ সময় চলন্ত বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি ওই বাসের যাত্রীদের উদ্ধৃতি দিয়ে জানান, বাসটি চলন্ত অবস্থায় যাত্রী নামাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটায়।
বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/পিডি/১৯১৬ ঘ.
bdnews24