ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে অগ্নিদগ্ধ গৃহবধূ আছিয়া বেগমের (৪০) মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বৃহস্পতিবার ভোরে তাকে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পুলিশ জানায়, ওইদিন ভোর ৪টার দিকে তিনি অগ্নিদগ্ধ হন।
স্বজনদের অভিযোগ, বাড়িওয়ালা ফজর আলী তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
আছিয়ার ছোট বোন ময়না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১ ডিসেম্বর সে কদমতলীর উত্তর মুরাদপুর হাইস্কুল রোড এলাকায় ফজর আলীর বাড়িতে ভাড়া ওঠে।
আছিয়া ওই বাড়িতে থেকে বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করতেন। তার গ্রামের বাড়ি যশোর। তার স্বামী লিটন থাকেন আরামবাগে।
লিটনের সঙ্গে বনিবনা না হওয়ায় এ মাসেই দুই মেয়ে আশা (৯) ও বিপাশাকে (৭) নিয়ে আছিয়া ওই বাসায় ওঠেন বলেও জানান তার স্বজনরা।
পুলিশ জানিয়েছে ফজর আলী এ অভিযোগ অস্বীকার করেছেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার পরই ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে।"
ময়না অভিযোগ করেন, কদমতলীর বাসায় ভাড়া ওঠার পরই আছিয়ার ওপর বাড়িওয়ালা ফজর আলীর কু-দৃষ্টি পড়ে। সে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিচ্ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেবি/পিডি/১৭৫২ ঘ
bdnews24