২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে এসিড সন্ত্রাস: হারুন ৩ দিনের রিমান্ডে

ঢাকার কেরানীগঞ্জে এক শিশুসহ একই পরিবারের চারজনকে এসিডে ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হারুনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 04:52 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে এক শিশুসহ একই পরিবারের চারজনকে এসিডে ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হারুনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে পেয়েছে পুলিশ। রোববার বিকালে তাকে ঢাকার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে পাঁচদিনের হেফাজত চেয়ে আবেদন করা হয়। বিচারক ওয়াসিম শেখ তিন দিনের হেফাজত মঞ্জুর করেন। শনিবার কেরানীগঞ্জ মডেল থানা এলাকার উত্তর বাহেরচর এলাকার সুরুজ মিয়ার বাড়িতে সুরাইয়া বেগম (২৮), নাজমা বেগম (২৫), আসমা বেগম (২০) ও তার ১১ মাস বয়সী মেয়ে আফসানার শরীরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। সুরাইয়া, নাজমা ও আসমা সহোদর। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সুরাইয়া সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। পারিবারিক বিরোধের জের ধরে আহত একজনের স্বামীর প্রথম স্ত্রীর ভাই সোহেল এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। পুলিশ বলছে, সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় শনিবার বিকালে সাভারের ভাকুর্তা গ্রামে অভিযান চালিয়ে সোহেলের ভাই হারুনকে (৩৬) পুলিশ গ্রেপ্তার করে। ওইদিনই আসমা, সুরাইয়া, নাজমার ভাই মো. বোরহান উদ্দিন এসিড অপরাধ দমন আইনে কেরানীগঞ্জ থানায় মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/পিডি/২২৪৭ ঘ.