ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চট্টগ্রামে গার্মেন্টস কারখানায় সংঘর্ষ-ভাংচুরের ঘটনায় শ্রমিক ও 'বহিরাগতরা' জড়িত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তিনি বলেন, "এ ধরনের ঘটনায় কীভাবে শ্রমিকরা অস্ত্র ব্যবহার করছে তা জানতে হবে। ঘটনার পেছনের 'গডফাদারদেরও' খুঁজে বের করা হবে। সরকারকে বেকায়দায় ফেলতে ও দেশের অর্থনীতিকে পঙ্গু করতে একটি মহল এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।"
রোববার বিকেলে নিজ মন্ত্রণালয়ে বিজিএমইএ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।
যখন যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তুতি চলছে, বিশ্ব ইজতেমা, বিশ্বকাপ ও পৌর নির্বাচনের নিরাপত্তার প্রস্তুতি চলছে সে সময় এ ধরনের ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।
তদন্তের পর চট্রগ্রাম ইপিজেড ও ঢাকায় গার্মেন্টস শ্রমিকদের ভাংচুরের ঘটনার কারণ জানানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বেতন বৈষম্য নিয়ে অসন্তোষের জের ধরে ঢাকার কুড়িল, সাভারের আশুলিয়া, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং সিইপিজেডে পোশাক শ্রমিকরা রোববার বিক্ষোভ করে ও ভাংচুর চালায়।
চট্টগ্রাম ইপিজেডে সংঘর্ষে নিহত হয়েছে তিনজন। রোববার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে পুলিশসহ প্রায় ১০০ জন। ৩০ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছুটি দেওয়া হয়েছে সব কারখানায়।
শ্রমিকদের আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ গার্মেন্টস মালিক নয়, পুলিশ শুধুমাত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পুলিশের কাজে বাধা দিলে বরদাশত করা হবে না।
সিইপিজেডে সংঘর্ষ-ভাংচুরের ঘটনায় হতাহতের সংখ্যা জানা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, "এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। পরে জানানো হবে।"
এ সময় উপস্থিত পুলিশের মহাপরির্দশক হাসান মাহমুদ খন্দকার সাংবাদিকদের জানান, চট্টগ্রামে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তারা গার্মেন্টসের না অন্য কোনো ঘটনায় নিহত হয়েছে তা পরে নিশ্চিত হয়ে জানানো হবে।
সাহারা বলেন, চট্রগ্রামে কোরীয় কোম্পানীর বেতন-ভাতার নিয়ম আলাদা। কেন সেখানে এ ধরনের ঘটনা ঘটল তা তদন্ত করে বের করা হবে। এ ঘটনায় চট্রগ্রামে ৬৫ জন পুলিশ আহত হয়েছে। এছাড়া পুলিশের এসি হাসানের হাতে ও বুকে গুলিবিদ্ধ হয়েছে।
ঢাকার ঘটনায় ৩০জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান।
এ সময় বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, স্বরাস্ট্র সচিব আবদুস সোহবান শিকদারসহ গার্মেন্টস মালিকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/১৯০০ ঘ.
bdnews24