সিরাজগঞ্জ, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে মহাসড়কে দুটি ট্রাক ও একটি কভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ দুর্ঘটনার কারণে প্রায় তিন ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো।
শনিবার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় কোনাবাড়ী ওভারব্রিজ সংলগ্ন মফিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার সহকারী উপ-পরিদর্শক জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খাদ্যবাহী একটি কভার্ড ভ্যান মহাসড়কের পূর্ব দিক থেকে আসছিলো। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। ঠিক ওই সময়ে পশ্চিম দিক থেকে আসা দিনমজুর ও ধানবোঝাই একটি ছোট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত অন্য ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় নিহত দুজনই ছোট ট্রাকটির আরোহী। তারা হলেন- সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া গ্রামের দিনমজুর রমজান আলী (৫০) এবং ট্রাকের হেলপার বগুড়ার নন্দীগ্রামের রফিকুল ইসলাম (৩২)।
দুর্ঘটনায় আহত ছোট ট্রাকের চালক বগুড়ার নন্দীগ্রামের লিটন (৪২), দিনমজুর চৌহালী উপজেলার খাসকাউলিয়া গ্রামের আব্দুল মতিন (৫০) এবং একই এলাকার বাবলুকে (৪৫) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর। এছাড়া আরো কয়েকজন আহত হন বলে পুলিশ জানিয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত।
দুর্ঘটনায় হতাহতদের প্রায় সবাই ছোট ট্রাকটির আরোহী।
ট্রাকের আরোহী আব্দুল করিম ও আহম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০ দিন আগে তারা ধান কাটার জন্য রাজশাহীর সন্দোশবাড়ি এলাকায় গিয়েছিলেন। মজুরি হিসেবে পাওয়া ধান নিয়ে তারা ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শী আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর গাড়ি তিনটি মহাসড়কে পড়ে থাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
তবে গাড়ি তিনটি সড়ক থেকে সরানোর পর রাত পৌনে ২টার দিকে গাড়ি চলাচল পুনরায় শুরু হয় বলে পুলিশ কর্মকর্তা জিয়া জানিয়েছেন।
রাজধানী থেকে উত্তরাঞ্চলমুখী এ মহাসড়কে প্রায় তিন ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় শ খানের নৈশকোচ আটকে পড়ে। ফলে এসব বাসের যাত্রীদের যাতায়াতে অতিরিক্ত সময় লাগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.
bdnews24