খুলনা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর দৌলতপুরে জুট প্রেস শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেছে।
তাদের দাবির ব্যাপারে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে শনিবার সকালে কাজে যোগ দেয়।
জুট প্রেস শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে ২৯ নভেম্বর এ ধর্মঘট শুরু করে। জুট প্রেস বেলিং এন্ড ওয়ার্কার্স ইউনিয়নের আওতাধীন সকল বিভাগে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক সংগ্রাম সমন্বয় কমিটির ব্যানারে ধর্মঘট ডাকা হয়।
শ্রমিক ধর্মঘটে পাট রপ্তানীর ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার হারানোসহ কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা দেখা দেয়।
আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে মজুরি বৃদ্ধির দাবি বিবেচনা করা হবে- প্রতিমন্ত্রীর এই আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা শুক্রবার রাতে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।
অবশেষে শ্রমিক ধর্মঘটের অবসান হওয়ায় দৌলতপুরে পাট রপ্তানীকারক এবং শ্রমিকসহ সকল মহলে স্বস্তি ফিরে এসেছে।
জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি কাজী সামছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের মধ্যস্থতায় শ্রমিকরা শুক্রবার রাতে ধর্মঘট প্রত্যাহার করে শনিবার সকালে কাজে যোগ দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৩৬ ঘ.
bdnews24