২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার ব্যবস্থায় দরিদ্রের স্থান নেই: মিজানুর

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, দেশে বিচার ব্যবস্থায় বৈষম্য রয়েছে, এতে দরিদ্রদের কোনো স্থান নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 11:06 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

সাভার, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, দেশে বিচার ব্যবস্থায় বৈষম্য রয়েছে, এতে দরিদ্রদের কোনো স্থান নেই। শনিবার সকালে ঢাকার সাভারে শেখ হাসিনা জাতীয় যুবকেন্দ্রে 'আমাদের মানবাধিকার কার্যক্রম; গ্রাম থেকে জাতীয় মানবাধিকার কমিশন' শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, "আমাদের দেশে বিচার ব্যবস্থায় দরিদ্রের কোনো স্থান নেই। এ ব্যবস্থাটি ধনী বান্ধব।" মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, "আমরা সরকারকে সেসব জানাচ্ছি এবং কিছু কিছু ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করছি।" তিনি আরো বলেন, "বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। সভ্য সমাজে এটা কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। মানবাধিকার পারস্থিতির অনেকটা উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, "তবে তা এখনো সন্তোষজনক নয়। মানবাধিকার পরিস্থিতি এখনও মাঝামাঝি পর্যায়ে রয়েছে।" এ সময় তিনি দেশের হাসপাতালগুলোর অব্যবস্থাপনার কথা তুলে ধরে সরকারের কাছে একটি সুপারিশমালা দেওয়া হবে বলেও জানান। তিনি বলেন, "হাসপাতালসহ বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সরকারের কাছে একটি সুপারিশমালা উপস্থাপন করা হবে। সে অনুযায়ী ব্যবস্থা নিলে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটবে।" জেন্ডার অ্যান্ড সোশ্যাল জাস্টিস ইউনিটের সিনিয়র উপ-পরিচালক সানাইয়া ফাহীম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-টিআইবি'র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, জাতীয় আইনগত সহায়তা সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, স্টেপ টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারম্যান হামিদা হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৬৫৬ ঘ.