২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাত-পা বেঁধে শ্রমিক মারধর, গ্রেপ্তার ২

হাত-পা শিকল দিয়ে বেঁধে মারধরের পর এক ইটভাটা শ্রমিককে পুলিশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 05:19 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

সাতক্ষীরা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাত-পা শিকল দিয়ে বেঁধে মারধরের পর এক ইটভাটা শ্রমিককে পুলিশ উদ্ধার করেছে। এ সময় ওই ইটভাটার ব্যবস্থাপকসহ দু'জনকে আটক করা হয়েছে। বৃহষ্পতিবার রাতে কলারোয়ার শ্রীপতিপুর গ্রামের একটি ইটভাটা থেকে শাহাদাৎ হোসেন (৩৫) নামের ওই শ্রমিককে উদ্ধার করা হয়। আটক দু'জন হলেন- ইটভাটার ব্যবস্থাপক আহমদ গাজী (৪২) ও ইমাম হাসান (৩৮)। কলারোয়া থানার ওসি এনামুল হক বলেন, ইটভাটার মালিকপক্ষ এক শ্রমিককে শিকল দিয়ে বেঁধে রেখেছে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক কামরুল ইসলাম ওই ইটভাটার মালিক বলে ওসি জানান। শুক্রবার সকালে শাহাদাৎ হোসেনের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ইটভাটার মালিক কামরুল ইসলাম ও গ্রেপ্তার দু'জনসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়, কয়েকদিন আগে টাকা-পয়সা লেনদেন নিয়ে ইটভাটা মালিক কামরুল ইসলামের সঙ্গে শাহাদাৎ হোসেনের কথা কাটাকাটি হয়। এর জেরে গত ৫ ডিসেম্বর কলারোয়া বাজার থেকে শাহাদাৎ হোসেনকে ধরে ইটভাটায় নিয়ে অমানুষিক নির্যাতন করে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তাকে ছাড়িয়ে আনতে যাওয়া স্ত্রীর সামনেও শাহাদাৎকে ইটভাটা মালিক ও তার লোকজন প্রচণ্ড মারধর করে বলে মামলায় উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫২ ঘ.