মানিকগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
হেমায়েতপুর-সিংগাইর সড়কে আজিমপুর গ্রাম থেকে শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কাওসার হোসেন (৩৫) ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচ্চা-বাহানবাড়ি এলাকার ওলিউল্লার ছেলে।
সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আজিমপুর গ্রাম থেকে কাওসারের লাশ উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে দুবৃর্ত্তরা কাওসারকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।
ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৫২ ঘ.
bdnews24