২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাগরণের গান-২ এর মোড়ক উন্মোচন

মুক্তিযুদ্ধের সময়ের গণসঙ্গীত ও দেশাত্ববোধক গানের দ্বিতীয় সংকলন 'জাগরণের গান-২' এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 10:27 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময়ের গণসঙ্গীত ও দেশাত্ববোধক গানের দ্বিতীয় সংকলন 'জাগরণের গান-২' এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে এর মোড়ক উন্মোচন করেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্র এবং বাংলালিংক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ জানান, সোহরাওয়ার্দী উদ্যানে 'সাংস্কৃতিক বলয়' তৈরি করা হবে। তিনি বলেন, "এই ধরনের জাগরণী গানের সংকলন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে চরম প্রতিবাদ। আর এর মাধ্যমে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।" মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী বলেন, "জাগরণের গানগুলো যুদ্ধাপরাধীদের বিচারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।" অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. আবদুল খালেক, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাংলালিংক এর মার্কেটিং ডিরেক্টর শিহাব আহমদ প্রমুখ। এ বছরের শুরুতে একই প্রতিষ্ঠান জাগরণের গানের প্রথম সংকলন প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬১৮ ঘ.