নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি বস্তিতে আগুন লেগে ১০টি ঘর পুড়ে গেছে।
আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১০ জন।
বৃহস্পতিবার রাতে ফতুল্লার কায়েমপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীমরা ঘটনাস্থলে ছুটে যায় এবং আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ৯টায় কায়েমপুর এলাকায় দানের বাড়ি হিসেবে পরিচিত সাইজুদ্দিনের মালিকানাধীন বস্তিঘরের ভাড়াটিয়া বেগম আক্তারের ঘরে আগুনের সূত্রপাত।
আগুন নেভাতে গিয়ে দ্বীন ইসলাম, বাবুল, রাশিদা, তসির, শহীদ, ইকবাল, সোবহান, বেগম আক্তার, মাসুদ, আলামিন আহত হন। তাদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আহসানুল কবির জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুনে ১০টি বস্তিঘর পুড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৩ ঘ.
bdnews24