নাটোর, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ৫ হাজার ল্যান্ড ফোন বিকল হয়ে পড়েছে।
বৃহম্পতিবার দুপুরে নাটোর টেলিফোন এক্সচেঞ্জের কয়েকটি ব্যাটারি বিকল হয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। রাত ৮টা পর্যন্ত ফোনগুলো সচল হয়নি।
বিটিসিএল'র নাটোর উপ-বিভাগীয় প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বলেন, এ বছর সুইচরুমে বসানো ৪৮টি ব্যাটারির মধ্যে ৩টি ব্যাটারি একেবারে বিকল হয়ে গেছে।
তিনি জানান, ব্যাটারিগুলো মেরামতের চেষ্টা চলছে।
নাটোর টেলিফোন এক্সচেঞ্জ জানায়, দুপুর ১২টায় শহরের চকরামপুর মহল্লার টেলিফোন একচেঞ্জে এই ঘটনার পর স্থানীয় প্রকৌশলীরা চেষ্টা করেও ব্যাটারিগুলো মেরামত করতে ব্যর্থ হন।
পরে রাজশাহী থেকে প্রকৌশলীরা এসে মেরামত কাজ শুরু করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24