২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে উদ্যোগপ্রস্তাব পাস

ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকট নিরসনে অবিলম্বে দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ার প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 03:05 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকট নিরসনে অবিলম্বে দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ার প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হয়েছে। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে সরকারি দলের সাংসদ শাহরিয়ার আলমের আনা প্রস্তাবটির উপর প্রায় দুই ঘণ্টা আলোচনা শেষে তা কণ্ঠভোটে পাস হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে আলোচনায় অংশগ্রহনকারী সাংসদরা বলেন, পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপন ছাড়া দেশে বিদ্যুৎ সংকট মেটানো সম্ভব নয়। পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে একটি কেন্দ্র থেকে অনেক বিদ্যুৎ উৎপাদন সম্ভব। প্রাথমিক বিনিয়োগ একটু বেশি হলেও উৎপাদন খরচ পড়ে অনেক কম। রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলম প্রস্তাবটি উত্থাপনের কারণ উল্লেখ করে বলেন, "কোন দেশকে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাটমিক এনার্জির সদস্য হতে হলে সে দেশের সংসদে এ বিষয়ে আলোচনা করতে হবে এবং সর্বসম্মতভাবে প্রস্তাব গ্রহণ করতে হবে।" তিনি বলেন, "বিশ্বের মোট উৎপাদিত বিদ্যুৎ আসছে আনবিক শক্তি থেকে। এটা অনেক সাশ্রয়ী। ক্রমান্বয়ে বিদ্যুতের যে চাহিদা বাড়ছে, তাতে আনবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কোনো বিকল্প নেই।" বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, "বিদ্যুৎ সংকট সমাধানে এর আগের সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এজন্য আমাদের অগ্রগতি ব্যহত হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ইচ্ছা করলেই হবে না, আমাদের একটা অবস্থানে যেতে হবে। আমাদের প্রমাণ করতে হবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আমরা পরিচালনা করতে পারি। বাংলাদেশের যে কৌশলগত গুরুত্ব আছে এবং এটা সন্ত্রাসী বা জঙ্গিবাদীদের হাতে যাবে না তা আমরা প্রমাণ করেছি।" ফারুক খান আরো বলেন, "বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী এবং নেতিবাচক রাজনীতি বিরোধী শক্ত অবস্থানে যেতে হবে দেশবাসীকে।" মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীন বলেন, "আনবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে দেশের মানুষ উপকৃত হবে।" নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী বলেন, "গ্যাস একদিন হয়তো শেষ হয়ে যাবে। কয়লা নিয়ে বিতর্ক চলছে। আর তরল জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন অত্যন্ত ব্যয়বহুল। একমাত্র রাস্তা খোলা আছে আণবিক বিদ্যুৎ উৎপাদনের। এটার স্থাপন ব্যয় অনেক বেশি, তবে বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক কম। তাই যত দ্রুত সম্ভব আণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে হবে।" নওগাঁ-৬ আসনের সাংসদ মো. ইসরাফিল আলম বলেন, "বিদ্যুতের সমস্যা নিরসনে অবশ্যই আণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে হবে। আণবিক বিদ্যুৎকেন্দ্র সময়ের দাবি, যুগের দাবি।" তিনি বলেন, "কয়লা উত্তোলন নিয়ে বিভিন্ন ধরণের কথা আসছে। ওপেন পিট না কী ভাবে কয়লা উত্তোলন করতে হবে-এ নিয়ে পরিবেশবাদীরা অনেক কথা বলছেন। রূপপুর আণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করা হোক, পয়সা যা লাগে লাগুক।" কুমিল্লা-১ আসনের সাংসদ সুবিদ আলী ভূইয়া বলেন, "যে দেশ যত বেশি বিদ্যুৎ উৎপাদন করে সে দেশ তত সভ্য। দেশের একটি মহল চায় না বিদ্যুৎ সমস্যার সমাধান হোক। দেশে 'ফসিল ফুয়েল' অফুরন্ত নয়। আগামী প্রজন্মের কাজে লাগবে- সেরকম জ্বালানির ব্যবস্থা করতে হবে। আণবিক বিদ্যুৎকেন্দ্র আমাদের জন্য কার্যকর বিকল্প। ফ্রান্স তাদের বিদ্যুৎ চাহিদার আশি ভাগ পূরণ করছে আণবিক বিদ্যুৎ থেকে। আণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের এখনই যথার্থ সময়। আণবিক বর্জ্য ব্যবস্থা এখন কোনো সমস্যা নয়। যারা আণবিক জ্বালানি সরবরাহ করে তারাই বর্জ্য নিয়ে যায়।" রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হক বলেন, "বিশ্বে তিন লাখ ৭৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে। আমি শুনেছি, রাশিয়া আণবিক বর্জ্য ফেরত নিয়ে যাবে। এতে করে আমাদের আর কোনো অসুবিধা থাকে না।" বরগুণা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, "ভারত ও মিয়ানমার আণবিক শক্তিকে কাজে লাগাচ্ছে। আমাদের খনিজ সম্পদ শেষ হয়ে যাচ্ছে। আমাদের কাছে থাকবে শুধু সৌর ও জল বিদ্যুৎ।" চিফ হুইপ আব্দুস শহীদ, পাবনা-৪ আসনের সাংসদ শামসুল রহমান শরীফ, নওগাঁ-৪ আসনের সাংসদ ইমাজ উদ্দিন প্রামাণিকও এ বিষয়ে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/২০৪৯ ঘ.