চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুক্রবার থেকে শুরু হচ্ছে।
বেলা ৩টায় নগরীর আউটার স্টেডিয়ামের কাছে বিজয় শিখা প্রজ্জ্বালনের মাধ্যমে ২১ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবিএম তাজুল ইসলাম।
মেলা পরিষদের নেতারা বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 'মুক্তিযুদ্ধের বিজয়, বীর বাঙালির অহংকার' শ্লোগান নিয়ে ২২ বছর ধরে চট্টগ্রামে ঐতিহ্যবাহী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা শেষ হবে ৩১ ডিসেম্বর।
এবার মেলায় প্রতিদিন স্মৃতিচারণমূলক আলোচনা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। স্মৃতিচারণ অনুষ্ঠানে দেশবরেণ্য বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেবেন।
এছাড়া আউটার স্টেডিয়ামে বিভিন্ন পণ্যের পসড়া নিয়ে বসবে ঐতিহ্যবাহী মেলা।
আউটার স্টেডিয়াম সংলগ্ন মেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিষদের মহাসচিব ও মুক্তিযোদ্ধা এম বদিউল আলম 'মুক্তিযুদ্ধের বিজয় মেলা'র রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেন।
তিনি বলেন, "সামরিক সরকার ও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বাধা সত্ত্বেও আমরা ২২ বছর ধরে মুক্তিযুদ্ধের এ বিজয় মেলার আয়োজন করে আসছি, যা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।"
ভবিষ্যতে ঐতিহ্যবাহী এ মেলার ওপর কোন অশুভ শক্তির ছায়া যাতে না পড়ে সে জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানাচ্ছেন বলে বদিউল আলম ও উপস্থিত মুক্তিযোদ্ধারা জানান।
এবার মেলায় যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার বিষয়টি প্রাধান্য পাবে বলে জানান মহাসচিব বদিউল আলম।
সংবাদ সম্মেলনে মেলা পরিষদ নেতাদের মধ্যে গণফোরাম নেতা এম কফিল উদ্দিন, ন্যাপ নেতা অ্যাডভোকেট আবদুল মোমেন ভূইঁয়া, সন্তোষ চৌধুরী, মাহবুবুল আলম, দেওয়ান মাকসুদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, বিজয় মেলায় চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম সেনানিবাস, জেলা প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সিজেকেএস, চট্টগ্রাম ওয়াসা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড, পিডিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা দিচ্ছে।
উল্লেখ্য ১৯৮৯ সাল থেকে প্রতিবছর চট্টগ্রামে এ মেলার আয়োজন করে আসছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৯৩৯ ঘ.
bdnews24