কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ময়মনসিংহ-ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার বিকালে কটিয়াদি উপজেলার গচিহাটা স্টেশনের কাছে জামালপুর থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি মেইল ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন গচিহাটা রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন।
তিনি জানান, বিকাল ৪টার দিকে জামালপুরের বাহাদুরাবাদঘাট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী নাসিরাবাদ মেইল ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়।
রাত সাড়ে সাতটা পর্যন্ত লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।
আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে বলে মতিন জানান।
ধূলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান ভূঁইয়া মনে করেন, রেলপথটিতে স্লিপারের জরাজীর্ণ অবস্থা, পাথর বলতে গেলে নেই। এর আগেও গচিহাটা স্টেশনের কাছে কয়েকবার দুর্ঘটনা ঘটেছে।
গত ২১ নভেম্বর একই স্থানে নাসিরাবাদ মেইল ট্রেনটির চারটি যাত্রীবাহী ও চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৩৮ ঘ.
bdnews24