চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরব সাগরে ছিনতাই হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি সোমালীয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে এর স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান।
এর অবস্থান সোমালীয় উপকূল থেকে চারশ নটিক্যাল মাইল দূরে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপগ্রহের মাধ্যমে তোলা ছবি থেকে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন জাহাজের স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ব্রেভওয়েল শিপ ম্যানেজমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মেহেরুল করিম।
রোববার বিকাল পৌনে ৪টার দিকে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ 'এমভি জাহান মনি' কোচিন বন্দর থেকে ৩০০ নটিক্যাল মাইল দূরে আরব সাগরে জলদস্যুদের কবলে পড়ে। এসময় জাহাজটিতে ২৫ জন বাংলাদেশি নাবিক কর্মরত ছিলেন। এদের মধ্যে একজন নাবিক সপরিবারে ছিলেন।
ব্রেভওয়েল শিপ ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে বুধবার রাতে বৈঠক করেন নৌমন্ত্রী শাজাহান খান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
মেহেরুল করিম আরো বলেন, "১১ ডিসেম্বর নাগাদ জাহাজটি সোমালীয় উপকূলে পৌঁছাবে বলে আমরা আশা করছি। তখন জাহাজের ক্রু বা ছিনতাইকারী জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।"
এছাড়া জাহাজ-নাবিক উদ্ধারে সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে তিনি জানান।
জাহাজ উদ্ধারে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলেও মেহেরুল করিম উল্লেখ করেন।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন হাবীবুবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাজটি সোমালীয় উপকূলের দিকে অগ্রসর হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৭৪১ ঘ.
bdnews24