নরসিংদী, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেল দুর্ঘটনায় নিহত সাত জনের লাশ নরসিংদীতে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় পাওয়া না যাওয়ায় মর্গে রয়েছে একটি লাশ।
অন্যদিকে ঢাকার পঙ্গু হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরো চারটি লাশ ঘটনাস্থল থেকেই তাদের স্বজনরা সরিয়ে নেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে দুর্ঘটনা কবলিত ট্রেন দুটির উদ্ধারকাজ বৃহস্পতিবার বিকালে শেষ হয়েছে।
বুধবার বিকাল পৌনে ৫টায় নরসিংদী রেল স্টেশনে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর গোধূলি এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৪ জন নিহত হওয়ার খবর স্থানীয় সূত্রগুলো জানায়। বাংলাদেশ টেলিভিশনের বৃহস্পতিবার দুপুরের খবরে বলা হয়, নিহতের সংখ্যা ১১।
তবে মৃত্যুর সংখ্যা নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর নাকচ করে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বৃহস্পতিবার সংসদে এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৭ এবং আহত হয়েছে ২৯ জন।
নরসিংদী সদর হাসপাতাল মর্গে থাকা আটটি লাশের মধ্যে সাতটি বৃহস্পতিবার দুপুরে স্বজনদের কাছে তুলে দেন নরসিংদীর জেলা প্রশাসক অমৃত বাড়ৈ। তিনি সাংবাদিকদের বলেন, পরিচয় পাওয়া না যাওয়ায় একটি লাশ হস্তান্তর করা হয়নি।
যাদের লাশ হস্তান্তর করা হয়েছে, তারা হলেন- গোধূলি এক্সপ্রেসের চালক জহুরুল হক (৪৫), রেলকর্মী মফিজুল ইসলাম (৩০), হাফেজ আহমেদ (৪৫), যাত্রী হাফিজ উদ্দিন (৫০), ফরিদ সরকার (৪২), নাজিম উদ্দিন (৩০) ও সেলিম উদ্দিন (৪৫)।
এছাড়া ঢাকার পঙ্গু হাসপাতালে আনার পথে মারা যান রেলের নিরাপত্তাকর্মী শফি আলম।
দুর্ঘটনার পর ভোররাতে চারটি লাশ তাদের স্বজনরা ঘটনাস্থল থেকে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন। রাত ৩টার দিকে একটি লাশ নিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিও দেখেছেন।
এদিকে জাহানারা বেগম নামে ব্রাহ্মণবাড়িয়ার এক বাসিন্দা দুপুরে ছেলে ইউনুস মিয়ার (২৩) সন্ধানে নরসিংদী আসেন। তিনি জানিয়েছেন, ইউনূস চট্টলা এক্সপ্রেসের যাত্রী ছিলো। দুর্ঘটনার পর থেকে তার খবর পাওয়া যাচ্ছে না।
যোগাযোগমন্ত্রী ২৯ জন আহত হওয়ার তথ্য সংসদে জানালেও নরসিংদী সিভিল সার্জন আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, আহত ১৬ জন নরসিংদী সদর হাসপাতালে এবং ২৭ জন ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার পর বুধবার প্রাথমিক চিকিৎসাও নিয়েছেন অনেক যাত্রী।
নরসিংদী রেল স্টেশনে পৌনে ৫টার দিকে ট্রেন দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়। এর পাঁচ ঘণ্টা পর রেল যোগাযোগ পুনর্স্থাপন হলেও উদ্ধারকারী ট্রেনটি অন্য লাইনে থেকে কাজ চালানোয় যাতায়াত বিঘি
bdnews24