২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রেনে আগুন: নওগাঁর ছাত্রদল নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে বিএনপির সমাবেশস্থলের কাছে দুর্ঘটনার পর ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দায়ের মামলায় নওগাঁর মহাদেবপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 10:20 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

নওগাঁ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বিএনপির সমাবেশস্থলের কাছে দুর্ঘটনার পর ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দায়ের মামলায় নওগাঁর মহাদেবপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১০টার দিকে মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একেএম মাসুদুর রহমান টিক্কাকে (৩০) গ্রেপ্তার করা হয়। গত ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেন দুর্ঘটনায় ছয়জন নিহত এবং বহু মানুষ হতাহত হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দ্রুতযান এক্সপ্রেস নামের ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়। মহাদেবপুর থানার ওসি নুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিরাজগঞ্জের ট্রেনে আগুন দেওয়ার মামলায় টিক্কাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে সিরাজগঞ্জের মামলায় মহাদেবপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হলো। থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার নাননু টিক্কাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ কোনো অভিযোগ বা পরোয়ানা ছাড়াই বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে। তিনি আরো বলেন, এর আগে গত ৯ নভেম্বর বাঁশবাড়িয়া গ্রাম থেকে মাওলানা ইউসুফ আলী ও পবাতৈড় গ্রাম থেকে নজরুল ইসলাম নামে বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জের মামলায় চালান দিয়েছে পুলিশ। অথচ তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিলো না। সিরাজগঞ্জের ওই ঘটনায় দায়ের কয়েক মামলায় প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬১০ ঘ.