পলাশ দত্ত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' প্রামাণ্যচিত্রের নির্মাতা টম হাইনমান বলেছেন, নোরাডের পুরো অর্থ গ্রামীণ কল্যাণ থেকে গ্রামীণ ব্যাংকে ফেরত যায়নি।
মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণে 'চুক্তি ভেঙে তহবিল স্থানান্তর' প্রসঙ্গে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বিবৃতি দেওয়ার পর বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক ই-মেইলে এ কথা বলেন টম।
ওই স্থানান্তর বিষয়ে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে গ্রামীণ ব্যাংক এখনো কর বিষয়ক যুক্তি দিচ্ছে- উল্লেখ করে তিনি বলেন, "অথচ অংশত কর বাঁচাতে ওই তহবিল স্থানান্তর- গ্রামীণ ব্যাংকের এ বক্তব্যে তখনই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলো নরওয়ে।"
মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে এক আলোচনা অনুষ্ঠানে 'কর ফাঁকির' বিষয়টি নিয়ে আলোচনা হয়। গ্রামীণ ব্যাংক 'কর ফাঁকি' (ট্যাক্স ইভেশন) দিতে নয়, 'কর বাঁচাতে' (ট্যাক্স সেভিংস) তহবিল স্থানান্তর করে বলে ওই অনুষ্ঠানে জানান গ্রামীণ ব্যাংকের মহাব্যবস্থাপক এম শাহজাহান।
নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষুদ্র ঋণ বিষয়ে গত ৩০ নভেম্বর ডেনিশ সাংবাদিক টম হাইনমানের তৈরি 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' প্রামাণ্যচিত্রটি প্রচার হয়। এতে তহবিল স্থানান্তরের অভিযোগ তোলার ফলে ১২ বছর পর বিষয়টি প্রকাশ্য হয়।
বাংলা ভাষায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম খবরটি প্রথম প্রকাশ করে। প্রামাণ্যচিত্র ও খবর প্রকাশের পর বাংলাদেশসহ পুরো বিশ্বে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
'দুর্নীতির কোনো অভিযোগ তোলা হয়নি'
বিশ্বব্যাপী ব্যাপক আলোচনার পর নরওয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তহবিল স্থানান্তর বিষয়ে প্রতিবেদন চায় নোরাডের কাছে। নোরাড মঙ্গলবার সরকারকে প্রতিবেদন দেয়।
এতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের তহবিল তসরুপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে 'চুক্তি ভেঙে' সহযোগী প্রতিষ্ঠানে তহবিল স্থানান্তর হয়েছে।
স্থানান্তরিত ১৭ কোটি নরওয়েজিয়ান ক্রোনার গ্রামীণ ব্যাংকে ফেরতের বিষয়ে ১৯৯৮ সালের মে মাসে চুক্তি হয় বলেও নোরাডের প্রতিবেদনে জানানো হয়।
তবে নথিপত্র অনুযায়ী, স্থানান্তরিত অর্থের পরিমাণ প্রায় ২৭ কোটি ৫০ লাখ ক্রোনার বলে জানান টম।
প্রামাণ্যচিত্রে অর্থের 'অপব্যবহার' বিষয়ে কিছু বলা হয়নি জানিয়ে তিনি বলেন, "সম্ভাব্য কোনো দুর্নীতি প্রসঙ্গেও এতে অভিযোগ তোলা হয়নি।
"কিন্তু এই নথিগুলো মানুষের নাগালের বাইরে রাখা হলো কেন?
"নোরাডের তখনকার পরিচালক টোভ স্ট্র্যান্ড গেরহার্ডসন এবং মুহাম্মদ ইউনূস ওই নথিগুলো 'গোপনীয়' সিল দিয়ে রাখতে একমত হলেন কেন? কেন ওগুলো দুই দেশের রাজনীতিকদের কাছ থেকে লুকিয়ে রাখা হলো?"
bdnews24