সাভার (ঢাকা), ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষের মুখে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি বিদেশি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে ডিইপিজেডের পুরাতন জোনের কোরিয়ান মালিকানাধীন 'ইয়াং ওয়ান হাইটেক অ্যান্ড স্পোর্টস লিমিটেড' কারখানাটি বন্ধ হয়ে যায়।
পুলিশ জানায়, সরকার ঘোষিত মজুরি কাঠামো অনুযায়ী বেতন বাড়ানোর দাবিতে মঙ্গলবার ও বুধবার কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। এরপর সকালে কারখানাটি বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।
সকালে কারখানার প্রায় ৬ হাজার শ্রমিক মূল ফটকে বন্ধের নোটিশ দেখে চলে যায় জানিয়ে আশুলিয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে কোনো বিশৃঙ্খলা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24