ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পে (এডিপি) বিদ্যুৎ বিভাগের বরাদ্দ চার হাজার নয়শ ১৬ কোটি টাকার মাত্র দুইশ ৭৩ কোটি টাকা ব্যবহার করা হয়েছে।
অন্যদিকে যোগাযোগ মন্ত্রণালয়ের বরাদ্দ চার হাজার ছয়শ ৬২ কোটি টাকার মধ্যে দুইশ ৪৮ কোটি টাকা ব্যবহার হয়েছে।
বুধবার সংসদে বাজেট বাস্তবায়ন নিয়ে প্রথম পর্বের (জুলাই-সেপ্টেম্বর) প্রতিবেদন উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব তথ্য জানান।
গত জুন মাসে অর্থমন্ত্রী ১ লাখ ৩২ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন। এডিপি ঘোষণা দেন ৩৮ হাজার পাঁচশ কোটি টাকা। চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতের ৪০টি ও যোগাযোগ মন্ত্রণালয়ের ১৩৫টি প্রকল্প আছে।
অর্থমন্ত্রী ওই প্রতিবেদনে জানান, বিদ্যুৎখাতের উন্নয়নে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, "জাতীয় গ্রিডে ৯৭১ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে। এছাড় ভাড়া ভিত্তিতে আরো এক হাজার দুইশ ৭২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে চুক্তি সই হয়েছে।"
বাজেটের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য পাঁচ বছর মেয়াদি একটি রোডম্যাপ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সরকারের জন্য এডিপি বাস্তবায়নই প্রধান চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, সরকার সমন্বিতভাবে কাজ করছে।
প্রতিবেদনে বলা হয়, বাজেটে প্রথম পর্বে দুই হাজার নয়শ ৩৮ কোটি টাকা ঘাটতি ছিল, তবে বেসরকারী খাতের ঋণ ২৫.৯ শতাংশ বেড়ে যাওয়ায় গত অগাস্টের শেষে অর্থ সরবরাহ ২২.৯ শতাংশ বেড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসজেড/জেবি/পিডি/২৩০২ ঘ.
bdnews24