২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মজুরি নিশ্চিতে বিজিএমই'কে দায়িত্ব মন্ত্রীর

নতুন মজুরি কাঠামো অনুযায়ী পোশাক শ্রমিকদের মজুরি পাওয়া নিশ্চিত করতে বিজিএমইএ'কে দায়িত্ব দিয়েছেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 01:20 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মজুরি কাঠামো অনুযায়ী পোশাক শ্রমিকদের মজুরি পাওয়া নিশ্চিত করতে বিজিএমইএ'কে দায়িত্ব দিয়েছেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। নতুন মজুরি নিয়ে শ্রমিকদের অভিযোগ অথবা পোশাক কারখানায় বিশৃঙ্খলা হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করার পরামর্শও দেন তিনি। গত নভেম্বর মাস থেকে এ নতুন মজুরি কাঠামো কার্যকর হয়। এ হিসেবে চলতি ডিসেম্বর মাসেই শ্রমিকদের নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাওয়ার কথা। সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের কার্যালয়ে বিজিএমইএ, ত্রিপক্ষীয় কেন্দ্রীয় পর্যবেক্ষণ ইউনিট (সিএমইউ) এবং সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এ পরামর্শ দেন মোশাররফ। চলতি বছরের ২৮ এপ্রিল গঠন হওয়া নিুতম মজুরি বোর্ড গত ২৯ জুলাই ন্যূনতম নতুন মজুরি কাঠামো ঘোষণা করে। নতুন কাঠামোর ওপর আপত্তি নিষ্পত্তিসহ আনুষ্ঠানিকতা শেষ করতে সেপ্টেম্বর মাস পর্যন্ত তৈরি পোশাক কারখানা মালিকরা সময় নেয়। বৈঠক প্রসঙ্গে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, "নতুন মজুরি কাঠামো কার্যকর হওয়ার এ মাসেই শ্রমিকদের বাড়তি মজুরি পাওয়ার কথা। এতে যেন কোনো সমস্যা না হয়, শ্রমিকরা যেন নতুন কাঠামো অনুযায়ী মজুরি পায়, সেজন্য বিজিএমইএ'কে দায়িত্ব দেওয়া হয়েছে।" "তারা কোনো অভিযোগ পেলে তা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে," বলেন মন্ত্রী। এ ব্যাপারে পোশাক কারখানার সমস্যা পর্যবেক্ষণে গঠিত মালিক, শ্রমিক ও সরকারি কর্মকর্তাদের নিয়ে গঠিত ত্রিপক্ষীয় সিএমইউ-কেও সতর্ক থাকার তাগিদ দেওয়া হয়েছে। বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ইতোমধ্যেই প্রায় ৭৫ শতাংশ কারখানার শ্রমিকদের মজুরি দেওয়া হয়েছে। দু'একজন মালিক নতুন কাঠামো অনুযায়ী মজুরি দিতে গড়িমসি করছিল। তা আলোচনা মাধ্যমে সমাধান করা হয়েছে। তিনি বলেন, "আগামী ১০ অথবা ১১ ডিসেম্বরের মধ্যে সব কারখানায় মজুরি দেওয়া শেষ হবে। এর মধ্যে যেন কোনো সমস্যা না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন শ্রমমন্ত্রী।" বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, শ্রমিক নেতা রায় রমেশ চন্দ্রসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯১০ ঘ.