২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের 'সিস্টেম লস' কমাতে বলেছেন অর্থমন্ত্রী

বিদ্যুৎ বিভাগকে 'সিস্টেম লস' আরো কমাতে বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 12:51 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিদ্যুৎ বিভাগকে 'সিস্টেম লস' আরো কমাতে বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, "২০ বছর আগে সিস্টেম লস ৩০ শতাংশ ছিলো। এখন তা ১৩ শতাংশে এসে দাঁড়িয়েছে। কিন্তু সিস্টেম লস কমার এই হার যথেষ্ট নয়। এটি ৮ শতাংশে থাকা উচিত।" বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহিত এসব কথা বলেন। সেইসঙ্গে অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গ্রাম ও শহরে সম অনুপাতে বিদ্যুৎ সরবরাহেরও নির্দেশ দেন অর্থমন্ত্রী। দেশে প্রথমবারের মতো পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এ সপ্তাহ পালন করছে। অর্থমন্ত্রী বলেন, এ সপ্তাহ পালন একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। বিদ্যুতের বর্তমান অবস্থা সম্পর্কে জনগণকে সচেতন করতে এ আয়োজন করা হয়েছে। জনসাধারণকে বিদ্যুৎ সাশ্রয়ের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, "কর্মশক্তি বাড়াতে বিদ্যুতের প্রয়োজন। কিন্তু আমরা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী না হলে কর্মশক্তি বাড়াবো কীভাবে?" নির্বাচনী অঙ্গীকারের কথা উল্লেখ করে মুহিত বলেন, বিদ্যুতের চাহিদা মেটাতে তিন বছরের ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। কিন্তু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পর তা থেকে উৎপাদিত বিদ্যুৎ পেতে কিছুটা সময় লেগে যায়। সরকারের মেয়াদের শেষ বছরে বিদ্যুতের চাহিদা ও সরবরাহে ভারসাম্য আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আগামী জানুয়ারীতে ৩০০ মেগাওয়াট, ২০১১ সালের মধ্যে ২০০০ মেগাওয়াট এবং ২০১৫ সালের মধ্যে ৯০০০মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে বলে জানান মন্ত্রী। বিদ্যুতের উৎপাদন বাড়াতে ইতোমধ্যে ভারতের সঙ্গে চুক্তি হয়েছে জানিয়ে তিনি বলেন, "নেপাল ও ভুটানের সঙ্গে চুক্তির চেষ্টা করা হচ্ছে।" কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের জন্য 'কয়লানীতি' প্রণয়ন করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশে বলেন, "আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি- বিদ্যুতের উন্নয়নে সরকারের নেওয়া কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে কাজ করবো।" তিনি এ কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চান। সমাবেশে আরো বক্তব্য দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বিদ্যুৎ সচিব মো. আবুল কালাম আজাদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এস এম আলমগীর কবির প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৮৪০ ঘ.