২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচন: 'সীমিত' আকারে সেনা মোতায়েন

আসন্ন পৌরসভা নির্বাচনে ঝুঁকিপূর্ণ বিবেচিত এলাকায় সীমিত আকারে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 11:29 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন পৌরসভা নির্বাচনে ঝুঁকিপূর্ণ বিবেচিত এলাকায় সীমিত আকারে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। বুধবার পৌর নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে আগারগাঁওস্থ নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সিইসি। শামসুল হুদা বলেন, "ঝুঁকিপূর্ণ বিবেচনায় সীমিত আকারে কিছু পৌরসভায় সেনা মোতায়েন করা হবে। কারো কোন দাবিতে নয়, বরং ময়মনসিংহ, টাঙ্গইল, সাভারের মতো কতিপয় পৌরসভাকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" অতীতে কখনো বড় পরিসরে পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হয়নি বলে জানান তিনি। দেশের ২৬২টি পৌরসভায় ১২ থেকে ১৮ জানুয়ারি চারদিন বিভাগওয়ারী এ নির্বাচন হবে। বড় পরিসরে নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলাবাহিনীর অন্য সদস্যরা নিয়োজিত থাকবে বলে জানান সিইসি। পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে সেনা মোতায়েনের দাবি জানানো হয়। নির্বাচন কমিশন চাইলে সেনা মোতায়েন করতে পারে বলে আওয়ামী লীগ মত দেয়। তবে এর প্রয়োজন নেই বলেও মনে করে ক্ষমতাসীন দল। সেনা মোতায়েন প্রশ্নে বিএনপির দাবির বিষয়ে শামসুল হুদা বলেন, "এটি নির্দলীয় নির্বাচন, কোন দলের দাবিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিইনি। কয়েকটি পৌরসভায় এর প্রয়োজনীয়তা অনুভব করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" আগামী ২-৩ দিনের মধ্যে কোন কোন পৌরসভায় সেনা মোতায়েন করা হবে আইন-শৃঙ্খলা বাহিনী তা নির্বাচন কমিশনকে জানাবে বলে জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের বিষয়ে শামসুল হুদা বলেন, "আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এরপরও নির্বাচনে আনসার, ভিডিপি, পুলিশ, র‌্যাব, বিডিআর ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন করা হবে।" নির্বাচন অনুষ্ঠানের সময় তিন স্তরে এসব বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে জানিয়ে তিনি বলেন, দেশের ৩৬টি এলাকায় বিডিআর মোতায়েন করা হবে। তবে সীমিত আকারে সেনাসদস্যরা সবসময়ই টহল দেবে। তবে তারা কেন্দ্রে যাবে না। এক প্রশ্নের জবাবে শামসুল হুদা বলেন, "স্থানীয় সরকার নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এ নিয়ে এতো মাথা ব্যাথার কী আছে! আসলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হওয়া উচিত।" পৌর নির্বাচন নিয়ে ইসির কোনো 'এজেন্ডা' নেই বলেও জানান তিনি। বৈঠকে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জে. আবদুল ওয়াদুদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, বিডিআর, এনএসআই, ডিজিএফআই, আনসার ভিডিপিসহ বিভিন্ন সংস্থার ঊধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিমনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং ইসি সচিব মোহাম্মদ সাদিক বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ জেএফ/আরএ/এজে/এইচএ/এইচএ/১৯০৫ ঘ.