ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী থানা এলাকার ময়নামতি ডায়িং অ্যান্ড প্রিন্টিং কারখানায় আগুন লেগে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী জানিয়েছে।
কারখানাটি কদমতলীর শ্যামপুরের ৭ নম্বর রোডের ২ নম্বর প্লটের চারতলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোররাত সোয়া ৪টার দিকে ওই আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৫টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় এক লাখ টাকার। ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/১১৩৫ ঘ.
bdnews24