ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে চলাচলের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে (বিআরটিসি) চারশ বাস কেনার অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ সংক্রান্ত ৩০৩ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, "মূলত রাজধানীতে চলাচলের জন্য এসব বাস কেনা হবে।"
প্রকল্পের বিবরণে বলা হয়, বিআরটিসি'র জন্য তিনশটি দ্বিতল ও একশটি একতলা বাস কেনা হবে। এর সব ক'টিই হবে শীতাতপ নিয়ন্ত্রিত।
বৈঠকে সিরাজগঞ্জ, ভোলা, কুমিল্লা, নোয়াখালী, গাইবান্ধা ও পাবনায় বাঁধ নির্মাণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন ৯২৪ কোটি টাকার ছয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৫৭৫ কোটি টাকার একটি প্রকল্পও অনুমোদন পায়।
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ১০০ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন সড়ক অবকাঠামো উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের জন্য ৫৪ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।
এছাড়া চট্টগ্রামে খালসমূহের পুনর্বাসন ও বাইপাস সড়ক উন্নয়ন সংক্রান্ত ৫৭ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/জেবি/২১২৫ ঘ.
bdnews24