২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবজাতক চুরির অভিযোগে তদন্ত কমিটি

রাজধানীর সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ তদন্তে মঙ্গলবার কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 02:31 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ তদন্তে মঙ্গলবার কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটির সদস্যরা হলেন, হাসপাতালটির নিউরো মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ফিরোজ আহমেদ কোরাইশি, শিশু সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আবু জাফর ও সহকারী উপ-পরিচালক নাহারিনা নাসরিন। হাসপাতালটির উপ-পরিচালক মো. আবুল হাসেম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল (সোমবার) গাইনি বিভাগের ৩ নম্বর ইউনিটে তাসলিমা বেগম নামে একজনের একটি কন্যা সন্তান হয়। তবে তার জমজ সন্তান হওয়ার কথা দাবি করে মঙ্গলবার সন্তান চুরির অভিযোগ আনেন তাসলিমার স্বামী শফিউল হোসেন।" দুই মাস আগে সলিমুল্লাহ হাসপাতালে করা আলট্র্রাসনোগ্রাম প্রতিবেদনের ভিত্তিতে এ অভিযোগ করা হয় বলে জানান উপ-পরিচালক। ওই প্রতিবেদনে জমজ সন্তানের কথা উল্লেখ করা হয়। তদন্ত কমিটিকে আট দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিডি/২০২৯ ঘ.