২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহেরের বিচারের বৈধতা নিয়ে রিটের শুনানি মুলতবি

সামরিক আদালতে কর্নেল এমএ তাহেরের বিচারের বৈধতা নিয়ে করা রিট আবেদনের শুনানি ১৩ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 09:29 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামরিক আদালতে কর্নেল এমএ তাহেরের বিচারের বৈধতা নিয়ে করা রিট আবেদনের শুনানি ১৩ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। সরকার পক্ষের সময়ের আবেদনে মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ মুলতবির আদেশ দেয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান শুনানির প্রস্তুতির জন্য আদালতে সাতদিন সময় চেয়ে আবেদন করেন। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের ভাই ও স্ত্রীর রিট আবেদনে গত ২৩ অগাস্ট হাইকোর্ট সামরিক আদালতে গোপন বিচারের নথি তলব করে। পাশাপাশি তাহেরের গোপন বিচারের জন্য জারি করা সমারিক আইনে জারি করা আদেশ ও এর আওতায় গোপন বিচার ও তাহেরের ফাঁসি কার্যকর করাকে কেনো অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ ২৩ অগাস্টই ওই রিট আবেদন করেন। কর্নেল তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতের গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৬ ঘ.