২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএডিসির গমবীজ কালোবাজারে

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) ভিত্তি গমবীজ কালোবাজারে পাওয়া যাচ্ছে। অথচ এ বীজ কেবল বিএডিসি নির্ধারিত চাষীরাই পাওয়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 04:24 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঠাকুরগাঁও, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) ভিত্তি গমবীজ কালোবাজারে পাওয়া যাচ্ছে। অথচ এ বীজ কেবল বিএডিসি নির্ধারিত চাষীরাই পাওয়ার কথা। কয়েকদিন আগে শহরের স্টেশন রোডের স্মৃতি বীজভাণ্ডার থেকে ২৫ ব্যাগ ভিত্তিবীজ আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে বীজচাষী ও বিএসডিসি কর্তৃপক্ষ পরস্পরকে দায়ী করে আসছে। বিএডিসির কন্ট্রাক্ট গ্রোয়ার্স বিভাগের উপ-পরিচালক মোশাব্বের হোসেন অবৈধভাবে ভিত্তিবীজ বিক্রি ও আটকের কথা স্বীকার করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুক্তিবদ্ধ বীজচাষীদের মাঝে ভিত্তিবীজ বিতরণ করা হয়েছে। তারা এই বীজ দোকানে বেশি দামে বিক্রি করে দিতে পারে। সদর উপজেলার কয়েকজন চাষী অভিযোগ করেন, বিএডিসির একটি অসাধু চক্রই এই বীজ পাচার করেছে। তারা আরো জানান, স্মৃতি বীজভাণ্ডারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানোর সময় খবর পেয়ে রহিমানপুর পল্লী বিদ্যুৎ বাজারের সেতু ট্রেডার্স ও আইয়ুব আলী ডিলার দোকান থেকে ভিত্তিবীজের মজুদ সরিয়ে ফেলেন। রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, আইয়ুব আলী ডিলারের দোকান বন্ধ। সেতু ট্রেডার্সের লোকজন বলেছেন, তারা কোনো বীজ বিক্রি করেন না। মথুরাপুর গ্রামের গমচাষী হযরত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি আইয়ুব আলীর দোকান থেকে ৭৬০ টাকা দামের ২০ কেজি ওজনের বিএডিসির ভিত্তিবীজের ব্যাগ ৯২০ টাকা দরে চার ব্যাগ কিনেছেন। পাহাড়ভাঙ্গা-ডেবাডাঙ্গী গ্রামের হায়দার আলীও জানান, এই দামে তিনি কিনেছেন এক ব্যাগ। খোঁজ নিয়ে জানা গেছে, ডিলার, সাব ডিলার ও বীজ ব্যবসায়ীরা 'সিন্ডিকেটের' মাধ্যমে বীজ কিনে বেশি দামে বাজারে বিক্রি করছে। আর তাদের এ কাজে সহায়তা করছে বিএডিসির কয়েকজন কর্মকর্তা। ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরুর আগে বেসরকারি বীজের দোকানগুলোতে দেদারসে বিক্রি হয় বিএডিসির ভিত্তিবীজ। রহিমানপুর এলাকার চাষীরা জানান, এই গ্রামের দুই ব্যক্তিকে বিএডিসি বিভিন্ন নামে ভুয়া স্কিম করে দিয়েছে। তারা বিএডিসি থেকে বিপুল পরিমান ভিত্তি গমবীজ তুলে নিয়ে বেশি দামে কালোবাজারে বিক্রি করে দিয়েছে। এ ব্যাপারে বিএডিসির উপ-পরিচালক মোশাব্বের হোসেন জানান, অনেক সময় ভালো চাষীদের স্কীম সমঝোতার ভিত্তিতে বাড়িয়ে দেওয়া হয়। ওই এলাকার দায়িত্বে নিয়োজিত বিএডিসির উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, চুক্তিবদ্ধ চাষী কালোবাজারে ভিত্তি গমবীজ বিক্রি করেছে কিনা তা তিনি জানেন না। তবে তিনি খোঁজ নেবেন। উপ-পরিচালক মোশাব্বের হোসেন জানান, এবার ঠাকুরগাঁও অঞ্চলে প্রায় ৬০০ চুক্তিবদ্ধ গমচাষীর মাধ্যমে ৪৫৬২ একর জমি গমবীজ আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রদীপ ২৩০০ একর, বিজয় ১৫০০ একর ও শতাব্দী জাতের গম ৭৬২ একরে। এজন্য ২৭৪ মেট্রিক টন গমবীজ চাষীদের মাঝে বিতরণ করা হচ্ছে। বীজ উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৬৫০ মেট্রিক টন। মোশাব্বের জানান, ঠাকুরগাঁও'র পাঁচ উপজেলা, পঞ্চগড় জেলার বোদা, আটোয়ারী উপজেলা ও দেবীগঞ্জ উপজেলার একাংশ এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একাংশ এই প্রকল্পের আওতায় রয়েছে। এদিকে, জেলার বিভিন্ন স্থানে বিশেষ করে পীরগঞ্জ, গড়েয়া ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জে ভেজাল গমবীজ দেদারসে বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গেছে। উপ-পরিচালক মোশাব্বের হোসেন এই খবর স্বীকার করে জানান, ডিলাররাই এ জন্য দায়ী। তারা কোনোভাবেই ভেজাল বীজ বিক্রি বন্ধ করছে না। অন্যদিকে বিএডিসির মান সম্মত প্রদীপ জাতের গমবীজের ২০ কেজির ব্যাগের দাম ৭২০ টাকা হলেও বাজারে ইস্পাহানী এগ্রো লিমিটেড বা অন্য বেসরকারি কোম্পানির প্রদীপ গমবীজের ব্যাগ বিক্রি হচ্ছে ১৩৫০ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমআই/১০২০ ঘ.