২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পৌর মেয়ররা স্বপদে থেকে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না'

পৌরসভা নির্বাচনে মেয়ররা স্বপদে থেকে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 02:46 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচনে মেয়ররা স্বপদে থেকে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। সোমবার কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এই নির্বাচন কমিশনার বলেন, "পৌর মেয়র লাভজনক পদ। এজন্যে মেয়র পদে নির্বাচন করতে হলে ক্ষমতাসীন মেয়রকে অবশ্যই পদত্যাগ করতে হবে।" স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন অনুসরণ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের গত নির্বাচনে মেয়র মহিউদ্দিন চৌধুরী পদত্যাগ করে প্রার্থী হয়েছিলেন। সাখাওয়াত হোসেন জানান, মনোনয়নপত্র দাখিলের আগেই পৌর মেয়র পদত্যাগ করে প্যানেল মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। তা না হলে মনোনয়নপত্র বাতিল হবে। আগামী ১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি চার দিনে এ নির্বাচন হবে। এ দফায় দেশের ৩১০টি পৌরসভার মধ্যে মেয়াদোত্তীর্ণ ২৬৯টিতে নির্বাচন হবে। আইনি জটিলতা ও মেয়াদ শেষ না হওয়ায় বাকীগুলোতে এ দফায় নির্বাচন হবে না। ইসির সিদ্ধান্তের বিষয়ে এই নির্বাচন কমিশনার আরো জানান, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা পদত্যাগ না করেও নির্বাচনে প্রার্থী হতে পারবেন। তবে এলপিআর-এ থাকা সরকারি কর্মকর্তারা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়া ন্যূনতম ২ বছরের সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে সাজার উপর আদালতের স্থগিতাদেশ থাকলে ওই ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/২০৩০ ঘ.